বিনা মূল্যের পাঠ্যবই কেজি দরে বিক্রি!
যশোরের অভয়নগর উপজেলার মহাকাল পাইলট উচ্চমাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ বিনা মূল্যে বিতরণের জন্য দেওয়া বই কেজি দরে বিক্রি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রায় ২৬ মণ বই ও কাগজপত্র এভাবে বিক্রি করে দেওয়া হয়েছে বলে বিদ্যালয় পরিচালনা পর্ষদের দুজন সদস্য অভিযোগ করেছেন।বিক্রি করে দেওয়া বইয়ের মধ্যে গত বছর ও চলতি বছরের মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য সরকারের দেওয়া বিনা মূল্যের বই রয়েছে।পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য ইসমাইল হোসেন ও অরবিন্দ ঘোষ অভিযোগ করেন, বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের না জানিয়ে গত ২৬ জানুয়ারি চেঙ্গুটিয়া বাজারের ব্যবসায়ী ছামিদ আলী মোল্যার কাছে ১৪ টাকা ৫০ পয়সা দরে ৪৬৫ কেজি বই ও কাগজপত্র বিক্রি করেছে। এ ছাড়া নওয়াপাড়ার এক ব্যবসায়ীর কাছে ১৪ টাকা কেজি দরে ৫৭৭ কেজি বই বিক্রি করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে গত বছর ও চলতি বছরের বইও রয়েছে। এসব সরকারি বই বিনা মূল্যে শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য দেওয়া হয়েছিল বলে তাঁরা জানান। তাঁদের অভিযোগ, অধ্যক্ষ খাতা-কলমে বেশি শিক্ষার্থী দেখিয়ে গত বছরের মতো এবারও অনেক বেশি সরকারি বই বরাদ্দ এনেছেন। পুরোনো বই ব্যবসায়ী সামিদ মোল্যা বলেন, ‘আমি ওই বিদ্যালয় থেকে ৪৬৫ কেজি বই ও কাগজপত্র কিনেছি। এর অর্ধেকটাই বই। আরও বই ছিল, কিন্তু তা আমার কাছে বিক্রি করেনি। নওয়াপাড়ার একজন ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেওয়া হয়েছে।’অধ্যক্ষ হিতেন্দ্রনাথ বোস বলেন, ‘গুদামে থাকা কাগজপত্র নষ্ট হয়ে যাচ্ছিল। সেগুলো বিক্রি করে দেওয়া হয়েছে। সঙ্গে কিছু পুরোনো বইও বিক্রি করা হয়েছে। তিনি দাবি করেন, চলতি বছরের কোনো বই বিক্রি করা হয়নি।’ তিনি বলেন, ‘কিছু বই বেশি আনা হয়েছিল। কিন্তু সেগুলো প্রতিষ্ঠানে আছে। তবে পুরোনো বই বিক্রি করার আগে শিক্ষা কর্মকর্তার অনুমতি নেওয়া দরকার ছিল। সেটাই ভুল হয়েছে।’উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো. কামরুজ্জামান বলেন, ‘সরকারের দেওয়া বই বিক্রি দণ্ডনীয় অপরাধ। বিষয়টি আমি তদন্ত করছি। প্রাথমিক তদন্তে গত বছরের বই বিক্রির প্রমাণ পাওয়া গেছে। চলতি বছরের বই বিক্রির কোনো প্রমাণ এখনো পাইনি। শিক্ষার্থীদের মধ্যে বিতরণ না করা কিছু বই ওই প্রতিষ্ঠানে পাওয়া গেছে। তদন্তে দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’