কিছু এলাকায় প্রাথমিকের সব বই যায়নি প্রাক্-প্রাথমিকের বই ছাপা শেষ হয়নি
বিনা মূল্যের পাঠ্যবই দিতে উৎসবের আয়োজন
নতুন বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যের পাঠ্যবই তুলে দেওয়ার আয়োজন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এনসিটিবির দাবি, প্রায় সাড়ে চার কোটি শিক্ষার্থীর জন্য সাড়ে ৩২ কোটি বই ইতিমধ্যে মাঠপর্যায়ে পৌঁছে গেছে। আজ বৃহস্পতিবার পাঠ্যপুস্তক উৎসবে এ বই দেওয়া হবে।
অবশ্য এনসিটিবির দায়িত্বশীল একজন কর্মকর্তা গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, কিছু এলাকায় প্রাথমিকের সব বই গতকাল পর্যন্ত পৌঁছায়নি। এ জন্য ওই সব এলাকার সব শিক্ষার্থী আজ সব বই নয়, কিছু বই পাবে। এ ছাড়া প্রাক্-প্রাথমিকের সব বই ছাপাও শেষ হয়নি।
এনসিটিবি ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্রমতে, টাঙ্গাইলের মির্জাপুর, পটুয়াখালীর কিছু স্থানসহ কয়েকটি এলাকায় প্রাথমিকের সব বই পৌঁছায়নি। টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সাংসদ একাব্বর হোসেন তাঁর এলাকায় প্রাথমিকের সব বই না পৌঁছানোর বিষয়টি জানিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে চিঠিও দিয়েছেন। চিঠিতে কোন বিষয়ে কয় হাজার বই বাকি তা উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে গতকাল সন্ধ্যায় সাংসদ একাব্বর হোসেন প্রথম আলোকে বলেন, চিঠি দেওয়ার পর কিছু বই পাঠানো হয়েছে। এখনো অল্প কিছু বই বাকি আছে। পর্যায়ক্রমে বাকি বই দেওয়া হবে বলে তাঁকে জানানো হয়েছে।
অধিদপ্তর ও এনসিটিবির সূত্রমতে, যেসব এলাকায় বই পৌঁছাতে দেরি হচ্ছে, সেখানকার শিক্ষার্থীদের হাতে দু-একটি হলেও নতুন বই তুলে দিতে পার্শ্ববর্তী জেলা-উপজেলা থেকে সেখানে বই পাঠানো হচ্ছে। আপৎকালীন মজুত রাখা বই দিয়েও এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তাই বই নিয়ে শেষ পর্যন্ত কোনো সমস্যা হবে না। সব শিক্ষার্থীই নতুন বই পাবে।
এনসিটিবির সূত্র জানায়, ছাপা শেষ না হওয়ায় প্রাক্-প্রাথমিকের শিশুদের নতুন বই পেতে ফেব্রুয়ারি পর্যন্ত লেগে যাবে। প্রাক্-প্রাথমিকের ৬০ লাখের বেশি শিক্ষার্থীর জন্য বই ছাপানো হচ্ছে।
এনসিটিবির চেয়ারম্যান আবুল কাশেম মিয়া প্রথম আলোকে বলেন, প্রাক্-প্রাথমিকের শিশুরা সাধারণত ভর্তি হয় একটু দেরিতে। এ জন্য এই শ্রেণির বই পেতে একটু দেরি হচ্ছে। বিষয়টি আগেই বলা ছিল। অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরা আজই নতুন বই পাবে।
এনসিটিবি সূত্র জানায়, এবার ৩২ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার ৯২৩ কপি বই ছাপানো হচ্ছে। মোট শিক্ষার্থী চার কোটি ৪৪ লাখ ৫২ হাজার ৩৭৪ জন। ২০১০ সালে বিনা মূল্যে সব পাঠ্যবই দেওয়ার পর থেকে এবারই সবচেয়ে বেশি বই ছাপানো হচ্ছে। এর মধ্যে প্রাথমিকে ১১ কোটি ৪৩ লাখ ১৩ হাজার ৬৬৩টি, মাধ্যমিকে ১৪ কোটি ৮৫ লাখ ৫৫ হাজার ২৬২ কপি বই। বাকি বই ইবতেদায়ি, দাখিল ও দাখিল ভোকেশনাল, এসএসসি ভোকেশনাল ও প্রাক্-প্রাথমিকের। পাঁচ বছর আগে প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসার ইবতেদায়ি, দাখিল, দাখিল ভোকেশনাল, এসএসসি (ভোকেশনাল) স্তরের শিক্ষার্থী ছিল ২ কোটি ৭৬ লাখ ৬২ হাজার ৫২৯। তখন বই ছাপানো হয় ১৯ কোটি ৯০ লাখ ৯৬ হাজার ৫৬১ কপি। এবার ৭৯৫টি লটে ২৩৮টি প্রতিষ্ঠান বই ছাপার কাজ করেছে।
আজ ‘পাঠ্যপুস্তক উৎসব’: এবারও শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে আজ দেশজুড়ে ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস’ পালন করবে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এবার কেন্দ্রীয়ভাবে এ দুই মন্ত্রণালয়ের উদ্যোগে আজ সকাল ১০টায় রাজধানীর মতিঝিল সরকারি বালক বিদ্যালয় মাঠে এ উৎসবের আয়োজন করা হয়েছে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, ‘হরতাল থাকলেও আজ এ উৎসব হবে। বছরের প্রথম দিন কয়েক কোটি শিশু-কিশোরের আনন্দ পর্বে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির চক্র হরতাল দিয়েছে। আমরাও সব ছাত্রছাত্রীর হাতে বই তুলে দিয়ে তার জবাব দেব।’