বিনা মূল্যের বই, টাকা নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিনা মূল্যে বিতরণের বই দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থী ও অভিভাবক সূত্রে জানা গেছে, মিলাদ, খেলাধুলা, আয়ার বেতনসহ বিভিন্ন অজুহাতে শিক্ষকেরা প্রতি সেট বইয়ের জন্য ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত আদায় করছেন। প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার নয়টি উপজেলায় ৬৬৪টি সরকারি ও ৪০৪টি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রতিটি বিদ্যালয়ে গতকাল সকাল থেকে বিনা মূল্যে বই বিতরণ শুরু হয়েছে। কিন্তু কোনো বিদ্যালয়েই বিনা মূল্যে বই দেওয়া হয়নি। শহরের বিদ্যালয়গুলোতে একটু কম নেওয়া হলেও গ্রামে বেশি টাকা নেওয়া হয়েছে। সরেজমিনে জেলা শহরের কয়েকটি বিদ্যালয়ে দেখা গেছে, প্রতিটি বিদ্যালয়েই বই দিয়ে টাকা নেওয়া হচ্ছে। এর মধ্যে পৌর এলাকার শিবরামপুর, ইছামতি ও সাধুপাড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রতি সেট বইয়ের জন্য ৫০ টাকা, উত্তর শালগাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬০ টাকা এবং দুবলিয়া প্রাথমিক বিদ্যালয়ে ১০০ টাকা করে নেওয়া হচ্ছে।অভিভাবকেরা জানান, নতুন বই নিয়ে শিক্ষকেরা ব্যবসা করছেন। বিভিন্ন অজুহাতে টাকা আদায় করছেন। অনেকেই বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে তাঁদের সন্তানদের বই দেওয়া হয়নি। ফলে নতুন বই না পেয়ে অনেক শিশু কাঁদতে কাঁদতে বিদ্যালয় ছেড়েছে। উত্তর শালগাড়িয়া মহল্লার জালাল উদ্দিন বলেন, ‘রিকশা চালায়া সুংসার চলাই, মিয়েডাক মেলা কষ্ট করে পড়াতেছি। এহন বই লেওয়ার জনি বলে ৬০ টেকা লাগবি। টেকা দিবের পারিনেই জন্যি মিয়েডা বই পায় নাই। বাড়িত আসে কানতেছে।’ শহরের নারায়ণপুর মহল্লার বাসিন্দা আবদুল্লাহ জানান, তাঁর মেয়ে ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণীতে পড়ে। সকালে বই আনতে গেলে তার কাছে বইয়ের জন্য ৫০ টাকা দাবি করা হয়। মেয়েটি বাড়িতে এসে টাকা চাইলে তিনি তা দিতে পারেননি। ফলে সে গতকাল বই পায়নি। শহরের ইছামতি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোজ কুমার সান্যাল বলেন, ‘বইয়ের জন্য কোনো টাকা নেওয়া হচ্ছে না। টাকা নেওয়া হচ্ছে আয়ার বেতন ও খেলাধুলা অনুষ্ঠানের জন্য। এ টাকা প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানই নেয়।’ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক বলেন, ‘বিনা মূল্যে বিতরণের বইয়ের জন্য টাকা নেওয়া অবৈধ। কেউ টাকা নিলে অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’