বিনা মূল্যের বই টাকা নিয়ে বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ফুলপুর উপজেলার গোপালপুর উচ্চবিদ্যালয়ে বিনা মূল্যের পাঠ্যবই টাকা নিয়ে বিতরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় অভিভাবকেরা প্রতিবাদ সভা করেছেন। শিক্ষার্থী ও অভিভাবকদের ভাষ্য অনুযায়ী, ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে বই আনতে গেলে শ্রেণীভেদে তাদের কাছ থেকে ৪০০ থেকে ৫০০ টাকা করে নেওয়া হচ্ছে। টাকা না দিলে বই দেওয়া হবে না বলে প্রধান শিক্ষক জানিয়ে দিয়েছেন। এতে অনেক শিক্ষার্থী বই না নিয়ে ফেরত আসছে। অনেকে আবার টাকা দিয়ে বই সংগ্রহ করছে। অষ্টম শ্রেণীর ছাত্র রিয়াদ মিয়া জানায়, সে ৪৮০ টাকা দিয়ে এক সেট বই পেয়েছে। একই শ্রেণীর হুমায়ুন কবীর, শাকিল, রাকিব, সিমেলও এভাবে বই সংগ্রহ করেছে বলে জানায়। নবম শ্রেণীর রুহুল আমীন বই আনতে গেলে শিক্ষকেরা ৫০০ টাকা না দিলে বই দেওয়া হবে না বলে জানিয়ে দেন। পরে সে খালি হাতে বাড়ি ফেরে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক বলেন, তাঁরা ছেলেদের জন্য বই আনতে গেলে ৪৮০ টাকা করে দাবি করা হয়। তাঁরা টাকা দিতে অস্বীকার করেন। বিনা মূল্যের পাঠ্যবইয়ের জন্য টাকা নেওয়ার প্রতিবাদে শুক্রবার বিদ্যালয়ের পাশে একটি প্রতিবাদ সভা করেছেন অভিভাবকেরা। মুক্তিযোদ্ধা আবদুল জব্বারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আবুল হাসিম সরকার, জয়নাল আবেদিন, দুলাল মিয়া প্রমুখ। প্রধান শিক্ষক দুলাল মিঞা বলেন, ‘আমরা বই বিতরণের জন্য টাকা নিচ্ছি না। ছাত্রভর্তি, বিদ্যুৎ বিল, মিলাদ, খেলাধুলার ফিসহ বিভিন্ন খাতে টাকা নিচ্ছি। অনিয়মের কিছু হয়নি।’