বিনা মূল্যের বই দোকানে বিক্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থীদের বিনা মূল্যে বিতরণের জন্য দেওয়া সরকারি পাঠ্যবই কেজি দরে বিক্রির অভিযোগে পাবনার ভাঙ্গুড়া উপজেলার জরিনা-রহিমা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। গত শুক্রবার বিকেলে ভাঙ্গুড়া থানায় পুলিশ বাদী হয়ে ওই মামলা দায়ের করে।পুলিশ ও এলাকাবাসী জানান, ওই বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ ছিল। প্রধান শিক্ষক শওকত আলী শিক্ষার্থীদের বই না দিয়ে গুদামে জমিয়ে রাখতেন এবং ওপর ক্লাসে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে পুরোনো বই ফিরিয়ে নিতেন বলে অভিযোগ রয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে শওকত আলী পাবনা শহরের বই ব্যবসায়ী মো. পান্নার কাছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বিভিন্ন বিষয়ের ৫৪৫ কেজি বই বিক্রি করেন। স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে বেলা একটার দিকে পুলিশ উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে বইগুলো জব্দ করে। এ সময় ক্রেতা পান্না পালিয়ে যান।ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, জব্দ করা বইগুলোয় ওই বিদ্যালয়ের সিল রয়েছে। এগুলোর অধিকাংশই নতুন। অভিযোগ অস্বীকার করে শওকত আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি বিদ্যালয়ের কোনো বই বিক্রি করিনি। বিদ্যালয়ের বইয়ের হিসাব রেজিস্টার খাতায় উল্লেখ রয়েছে। যে বইগুলো উদ্ধার করা হয়েছে, সেগুলো পুরোনো বই হবে হয়তো। ক্রেতা শিক্ষার্থীদের কাছ থেকে বইগুলো কিনে থাকতে পারেন।’