বিনা মূল্যের বই ফেরিওয়ালার ঝুড়িতে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদরের এক ফেরিওয়ালার ঝুড়ি থেকে জব্দ করা হয়েছে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ১৫ সেট (৬৫টি) বিনা মূল্যে বিতরণের বই। গত রোববার রাত নয়টায় উপজেলা সদরের ভানুগাছ বাজারের লোকজন এসব বই জব্দ করে।খোঁজ নিয়ে জানা যায়, পুরাতন কাগজের সঙ্গে বিক্রির সময় গত রোববার রাতে ভানুগাছ বাজারের নূরে এলাহী নামের এক ফেরিওয়ালার কাছ থেকে বিনা মূল্যের নতুন ১৫ সেট বই জব্দ করে এলাকার লোকজন। এ সময় স্থানীয় একটি চক্র উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নামে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। কিন্তু বিষয়টি জানতে পেরে ইউএনও দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেন।গত সোমবার শিক্ষা কর্মকর্তা ফেরিওয়ালাকে নিয়ে মুন্সিবাজার ইউনিয়নের ভূমিগ্রামে গিয়ে তদন্ত করে জানতে পারেন, এনজিও রস্কের (রিচিং আউট অব স্কুল চিলড্রেন প্রজেক্ট) অর্থায়নে ও স্থানীয় এনজিও রিসড পরিচালিত আনন্দ স্কুলে বিতরণ করা বই থেকে এসব বই ফেরিওয়ালার কাছে বিক্রি করা হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার জন্য অভিযুক্ত স্কুলশিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে। ইউএনও প্রকাশ কান্তি চৌধুরী বলেন, বইয়ের অভাবে উপজেলার অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বই ফটোকপি করে পড়াশোনা করছে। এর মধ্যে ফেরিওয়ালার কাছে বই পাওয়া যাওয়ার ঘটনাটা খুবই দুঃখজনক। এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।