বিনা মূল্যের বই বাজার থেকে কিনবেন না: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনা মূল্যের পাঠ্যবই বাজার থেকে না কেনার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।পাঠ্যবই বিতরণ নিয়ে গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিভাবকদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘দয়া করে বাজার থেকে বই কিনবেন না। আপনার সন্তানের বই বিদ্যালয়েই মজুদ আছে। বিদ্যালয়ে গিয়ে বই সংগ্রহ করুন।’ বিনা মূল্যের পাঠ্যবই কালোবাজারে—গণমাধ্যমের এমন প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি এই আহ্বান জানান।শিক্ষামন্ত্রী বলেন, মোটামুটিভাবে বলা যায় ১ জানুয়ারিই সব বিদ্যালয়ে বই ছিল। হয়তো ভর্তি না হওয়া, নবম শ্রেণীতে শাখা নির্ধারণ না হওয়াসহ বাস্তব কারণে কিছু শিক্ষার্থীকে প্রথম দিনে বই দেওয়া হয়নি। এক সপ্তাহের মধ্যে সবাই বই পেয়ে যাবে। বই বিতরণে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কোনো গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।সংবাদ সম্মেলনে জানানো হয়, কোথাও কোনো সমস্যা বা গাফিলতি হলো কি না, তা দেখার জন্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে (মাধ্যমিক) আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদারক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক), জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য (পাঠ্যপুস্তক), প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন উপসচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন প্রতিনিধি। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ প্রমুখ।