বিনা মূল্যের বই বিতরণে টাকা নেওয়ার অভিযোগ
কক্সবাজারের টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নতুন পল্লানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা মূল্যের পাঠ্যবই বিতরণকালে টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
মোহামঞ্চদ আলী নামের এক অভিভাবক বলেন, তাঁর এক ছেলে ও এক মেয়ে টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের জন্য প্রতি সেট বই নিতে তাঁকে ১০০ টাকা করে দিতে হয়েছে।
মোহামঞ্চদ আলীর মতো অনেক অভিভাবক টাকা দিয়ে বিনা মূল্যের বই সংগ্রহ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নতুন পল্লান গ্রামের বাসিন্দা আমির হোসেন বলেন, তাঁর মেয়ে নতুন পল্লানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ট শ্রেণীর ছাত্রী। ৯ জানুয়ারি তাঁর মেয়ে বিদ্যালয় থেকে নতুন বই আনতে গেলে তাকে দেওয়া হয়নি। পরে সেশন ফি, বই, কোচিং, পরীক্ষার ফি, মডেল টেস্ট বাবদ ৩৫০ টাকা পরিশোধ করে মেয়ের জন্য নতুন বই সংগ্রহ করতে হয়েছে। তিনি বলেন, এ টাকা তিনি প্রধান শিক্ষিকা সোলেমা আকতারকে দিয়েছেন। একই গ্রামের দিনমজুর ফরিদ আলম বলেন, তাঁর ছেলে ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। তিনি প্রধান শিক্ষিকাকে ৩০০ টাকা দিয়ে ছেলের জন্য নতুন বই নিয়েছেন।
শিক্ষার্থী ও অভিভাবকের অভিযোগ, শিক্ষকেরা বিভিন্ন অজুহাতে এ টাকা আদায় করছেন।
টেকনাফ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম কামাল আহমদ ও নতুন পল্লানপাড়া সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোলেমা আকতার বলেন, বইয়ের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি। সেশন ফি, কোচিং, পরীক্ষার ফি, মডেল টেস্ট বাবদ ১০০-৩৫০ টাকা নেওয়া হয়েছে। আর বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করেই করা হচ্ছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর বলেন, ‘সরকারি বই বিতরণের ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে কোনো টাকা নেওয়ার সুযোগ নেই এবং আমি এ বিষয়ে কোনো নির্দেশনা দিইনি। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, সেশন ফি, কোচিং ও পরীক্ষার ফি, মডেল টেস্ট বাবদ টাকা নেওয়ার কোনো সুযোগ নেই।