বিনা মূল্যের বই ‘বিক্রি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের আথাইল শিমুল রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনা মূল্যের বই নিতে প্রধান শিক্ষক জয়নাল আবেদিনকে ৪০ টাকা করে চাঁদা দিতে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।ঘটনাটি জানাজানি হওয়ার পর প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। কমিটি গত বৃহস্পতিবার সরেজমিনে তদন্ত করেছে।বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১ ও ২ জানুয়ারি আথাইল শিমুল রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাদের প্রত্যেকের কাছ থেকে ৪০ টাকা করে চাঁদা আদায় করেন। অভিভাবক ঘন্টু মোল্লা বলেন, ‘বই নেওয়ার সময় প্রধান শিক্ষককে দেওয়ার জন্য আমি ছেলেকে ৪০ টাকা দিয়েছি।’ আরেক অভিভাবক লাকী খাতুন জানান, তাঁর দুই মেয়ের বইয়ের জন্য ৭০ টাকা দিতে গেলে প্রধান শিক্ষক তাদের বই না দিয়ে ফেরত দিয়েছেন।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানায়, বৃহস্পতিবার তদন্ত কমিটি আসার খবর পেয়ে প্রধান শিক্ষক প্রতিটি শ্রেণীকক্ষে ঢুকে শিক্ষার্থীদের বইয়ের জন্য ৪০ টাকা করে দেওয়ার কথা কাউকে বলতে নিষেধ করে দেন। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের মাথা ছুঁইয়ে শপথ করান। ঈশ্বরদী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল জব্বার বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। প্রধান শিক্ষক ওই টাকা শিক্ষার্থীদের ফেরত দিতে রাজি হয়েছেন।’প্রধান শিক্ষক জয়নাল আবেদিন বলেন, ‘বিদ্যালয়ের বিদ্যুৎ বিল পরিশোধ করতে ও মিলাদ মাহফিলের জন্য টাকা তোলা হয়েছিল। ওই টাকা ফেরত দেওয়া হবে।’