বিনা মূল্যের বইয়ে ত্রুটি বিভ্রান্তিতে শিক্ষার্থী
নতুন শিক্ষাবছরের প্রথম দিনেই বগুড়ার দুপচাঁচিয়ায় বিনা মূল্যের পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে পৌঁছালেও তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর অনেক পাঠ্যপুস্তকে নানা ত্রুটি ধরা পড়ছে। ত্রুটিযুক্ত এসব বইয়ের কিছু পাতা নেই, কিছু পাতা সাদা। তা ছাড়া একই অধ্যায় একাধিকবার আছে। এ কারণে শিক্ষার্থীদের অসুবিধা হচ্ছে এবং তারা বিভ্রান্তির মধ্যে পড়েছে। এ অবস্থায় শিক্ষার্থীদের বই বদলানোর চাপের মুখে পড়েছেন প্রতিষ্ঠানের শিক্ষকেরা। চতুর্থ শ্রেণীর গণিত, ইংরেজি, সমাজবিজ্ঞান, সাধারণ বিজ্ঞান, তৃতীয় শ্রেণীর হিন্দুধর্ম, গণিত, সমাজবিজ্ঞান, সাধারণ বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে এসব ত্রুটি লক্ষ করা গেছে। উপজেলার প্রায় সব প্রাথমিক বিদ্যালয়ে এ ধরনের সমস্যার অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, যথাসময়ে বই পৌঁছে যাওয়ায় উপজেলার বিদ্যালয়গুলোতে বছরের শুরু থেকেই পাঠদান শুরু হয়েছে। কিন্তু তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের দেওয়া নতুন এসব বইয়ের অনেকগুলোর ভেতরের পাঁচ-ছয়টি করে পাতা নেই। আবার একটি অধ্যায়ের পাতা অন্য অধ্যায়ে যুক্ত হয়েছে। এ ছাড়া একই অধ্যায় দুইবার রয়েছে। প্রতিদিনই শিক্ষার্থীরা শ্রেণীশিক্ষকদের কাছ থেকে বই পাল্টে নিচ্ছে। এতে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের অভিযোগ শুনতেই অনেক সময় চলে যাচ্ছে। এ কারণে স্বাভাবিক পাঠদানও ব্যাহত হচ্ছে। সরেজমিনে বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা বই পাল্টানোর জন্য বিদ্যালয়ের কার্যালয়ে ভিড় করছে। দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী রকি সরকার, দীপা রানী, চতুর্থ শ্রেণীর হাবিবা খাতুন, তারিকুল ইসলাম জানায়, তাদের গণিত, সমাজ ও বিজ্ঞান বইয়ের ভেতরে কিছু পাতা নেই। আবার কোনো কোনো বইয়ের কিছুসংখ্যক পাতা সাদা, এক অধ্যায়ের মধ্যে অন্য অধ্যায়ের বিষয়বস্তু। নতুন বইয়ের মলাট বেঁধেও তা ফেরত দিতে হচ্ছে।’ দুপচাঁচিয়া মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম ছিদ্দিকী ও ডিমশহর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন বলেন, কিছু কিছু বইয়ের ভেতরে পাতা নেই, আবার অধ্যায়গুলো ওলটপালট রয়েছে। পাঠদান শুরু করতে গিয়ে এসব ধরা পড়ছে। তবে ত্রুটিযুক্ত বই শিক্ষার্থীদের পাল্টে দেওয়া হচ্ছে। বেশিসংখ্যক বইয়ে এ ধরনের ত্রুটি দেখা দিলে সমস্যায় পড়তে হবে। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল জোব্বার বলেন, ‘বিভিন্ন বিদ্যালয় থেকে বইয়ের ত্রুটির অভিযোগ পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি।’