বিনা মূল্যের বইয়ের জন্য টাকা আদায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কয়েকটি বিদ্যালয় এবং সাতক্ষীরা সদর উপজেলার একটি বিদ্যালয়ে বিনা মূল্যের পাঠ্যপুস্তক বিতরণের সময় টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেছে, বইয়ের জন্য নয়, ভর্তি ও ক্রীড়া ফিসহ অন্যান্য খাতে এই টাকা নেওয়া হচ্ছে।রাজীবপুরের চরনেওয়াজী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক নয়াচর গ্রামের বাহার আলী, শাহার আলী, সাইফুল ইসলামসহ অন্যরা জানান, বই দেওয়ার সময় তাঁদের ছেলেমেয়েদের কাছ থেকে ২০০ টাকা করে নেওয়া হয়েছে। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম দাবি করেন, ‘ওই টাকা সেশন, ভর্তি ও ক্রীড়া ফি বাবদ নেওয়া হয়েছে।নয়াচর বাজারের বাসিন্দা রহমত আলী, কোরবান আলী, ফজল হক ও ছলিম উদ্দিন জানান, তাঁদের ছেলেমেয়েরা নয়াচর ফাজিল মাদ্রাসায় পড়াশোনা করে। গতকাল বই দেওয়ার সময় ১০০ টাকা করে নেওয়া হয়েছে। এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ আবদুস ছাত্তারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ছাত্রছাত্রীদের সেশন ফি বকেয়া ছিল। সেই টাকা নেওয়া হয়েছে।’নয়াচর বাজার বালিকা উচ্চবিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক দিনমজুর নওশের আলী বলেন, ‘আমার মেয়ে সপ্তম শ্রেণীতে পড়ে। তার ভর্তি ফি ৫০ ট্যাহা ধরছে। ট্যাহা দিতে পারে নাই বলে বই দেয় নাই।’ ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল ইসলাম বলেন, রসিদের বিনিময়ে ভর্তি ফি বাবদ ৫০ টাকা করে নেওয়া হচ্ছে। বই দেওয়ার বিনিময়ে কোনো টাকা নেওয়া হচ্ছে না।তবে রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাদের বলেন, দু-একটি বিদ্যালয়ে বই বিতরণের সময় টাকা নেওয়া হচ্ছিল। জানার পর তা বন্ধ করা হয়েছে।এদিকে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে বই দেওয়ার সময় টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকেরা। টাকা না দেওয়ায় অনেককে বই দেওয়া হয়নি।ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র শামিম হোসেন ও পঞ্চম শ্রেণীর ছাত্র শাহিন হোসেনের বাবা গোবিন্দকাটি গ্রামের ইকবাল হোসেন অভিযোগ করে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বীথি স্যানাল বই দেওয়ার সময় তাঁর ছেলেদের কাছ থেকে ৩০ টাকা করে আদায় করেছেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বীথি স্যানাল টাকা আদায় করার কথা স্বীকার করে বলেন, ‘বই দেওয়ার জন্য নয়, বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার জন্য ১৫ থেকে ৩০ টাকা করে আদায় করা হয়েছে। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির পরামর্শ অনুযায়ী ওই টাকা নেওয়া হচ্ছিল। কিন্তু এ নিয়ে কথা ওঠায় শিক্ষার্থীদের টাকা ফেরতও দেওয়া হয়েছে।’