বিনা মূল্যের বাতি বিনা ব্যবহারেই নষ্ট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিতরণ করা বিনা মূল্যের সব বিদ্যুৎ-সাশ্রয়ী সিএফএল বাতি নষ্ট হয়ে গেছে। গ্রাহকদের অভিযোগ, বিনা মূল্যে পাওয়া এসব বাতি ব্যবহারের আগেই নষ্ট ধরা পড়ে বেশি। এক বছরের ওয়ারেন্টি থাকলেও পিডিবি কার্যালয়ে পরিবর্তনের জন্য বাতি বরাদ্দ না দেওয়ায় গ্রাহকদের নষ্ট হওয়া বাতি পরিবর্তন করে দেওয়া যাচ্ছে না।বিদ্যুৎ সাশ্রয়ের জন্য পিডিবি সারা দেশে সিডিএম প্রকল্পের আওতায় প্রত্যেক গ্রাহকের ব্যবহার করা চারটি বাতির পরিবর্তে চারটি বিদ্যুৎ-সাশ্রয়ী বাতি বিতরণের উদ্যোগ নেয়। ২০১০ সালের ৮ অক্টোবর দীঘিনালা উপজেলা বিদ্যুৎ উপকেন্দ্রের আওতাধীন দীঘিনালা, রাঙামাটির বাঘাইছড়ি ও লংগদুর ৮০০ গ্রাহকের মধ্যে বিনা মূল্যের সিএফএল বাতি বিতরণ করা হয়। বিতরণ করা বাতিগুলো ফায়ারফ্লাই লাইটিং কোম্পানির তৈরি।গ্রাহকদের অভিযোগ, এসব বাতি লাগানোর পর সুইচ টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে একটু জ্বলে ফিউজ (নষ্ট) হয়ে যায়। কবাখালীর গ্রাহক আবদুর রহমান জানান, তাঁদের এলাকায় বিনা মূল্যে পাওয়া বাতি এখন আর কারও বাড়িতে নেই। সবই নষ্ট হয়ে গেছে। কবাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আবুল বাশার অভিযোগ করেন, কবাখালী ইউনিয়নের তিন শতাধিক গ্রাহক ব্যবহূত বাতি জমা দিয়ে যে বাতি পেয়েছে, সেগুলো আগে থেকেই নষ্ট ছিল। এখন আর বিনা মূল্যের বাতি কোনো বাড়িতে নেই। বিদ্যুৎ কার্যালয়ে গেলেও বদল করে দেওয়া হয়নি।বিদ্যুৎ উপকেন্দ্র সূত্র জানায়, বিনা মূল্যের বাতি বিতরণ করার পর থেকে তাদেরকে প্রতিনিয়ত গ্রাহকদের অভিযোগের জবাব দিতে হচ্ছে। বিতরণ করার সময় পুলিশ এনে ৮০০ গ্রাহককে সামাল দিতে হিমশিম খেতে হয়েছিল। সব গ্রাহকের বাতি ফিউজের একই অভিযোগ শুনতে শুনতে তাদের নিজেদেরও লজ্জা লাগে।দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আবাসিক প্রকৌশলী যত্ন মানিক চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতিনিয়ত গ্রাহদের বুঝিয়ে বিদায় করতে হচ্ছে। পাল্টে দেওয়ার মতো বাতি তাঁদের দেওয়া হয়নি।