বিনা মূল্যের সারে ভেজাল মেশানোর অভিযোগ
পটুয়াখালীর সদর উপজেলায় কৃষকদের মধ্যে বিনা মূল্যে বিতরণ করা ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সারে ভেজাল মেশানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার উপজেলা কৃষি কার্যালয়ে এসে কৃষকেরা এ অভিযোগ করেন।কৃষকেরা জানান, বিতরণ করা সারের বস্তায় পাথর, মাটির টুকরো ও বালু পাওয়া গেছে। কিছু বস্তায় সার জমাট বাঁধা অবস্থায় পাওয়া গেছে। মনে হচ্ছে, সার ভেজাল করা হয়েছে।উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, রবি মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ভুট্টার আবাদে সহায়তার জন্য সরকার ২ জানুয়ারি থেকে সদর উপজেলার ৯০০ ভুট্টাচাষির মধ্যে ২৫ কেজি ডিএপি ও ২৫ কেজি মিউরেট অব পটাশ (এমওপি) সার বিতরণ করে।বড় বিঘাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কৃষক আলতাফ হাওলাদার জানান, তাঁকে দেওয়া ডিএপি সারের বস্তায় সার জমাট বাঁধা অবস্থায় পাওয়া গেছে। এ ছাড়া টুকরো পাথর ও বালু মিশিয়ে সার ভেজাল করা হয়েছে। এই সার ব্যবহার করলে জমির উর্বরতা নষ্ট হতে পারে।মরিচবুনিয়া গ্রামের আবু ছত্তার বলেন, ‘সারের অবস্থা দেখে মনে হচ্ছে, এতে ভেজাল মেশানো হয়েছে। তাই সার নিয়ে এসেছি দেখাতে এবং বিষয়টি কৃষি অফিসকে জানাতে।’ মরিচবুনিয়া ইউনিয়নের কৃষক আলতাফ জানান, সারের বস্তার মধ্যে মাটির বড় বড় টুকরো পাওয়া গেছে।পুকুরজনা গ্রামের কৃষক এনামুল হক জানান, তাঁর পাওয়া সারের মধ্যে ডিএপিতে ভেজাল পাওয়া গেছে। এই সার প্রয়োগ করলে জমির ক্ষতি হবে। তাই তিনি ফেরত দিতে এসেছেন।সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু হেনা মো. জাফর জানান, বিএডিসির সিল দেওয়া এবং ইনট্যাক্ট প্যাকেটের (নতুন বস্তা) সার বরিশাল গুদাম থেকে উত্তোলন করেছেন ঠিকাদার। ডিএপি সারে ভেজাল রয়েছে বলে অভিযোগ করেছেন কৃষকেরা। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন জানান, কৃষকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর সারের গুণগত মান পরীক্ষার জন্য ঢাকায় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের পটুয়াখালীর উপপরিচালক এ জেড এম মমতাজুল করিম জানান, সরকার বিএডিসির মাধ্যমে এসব সার আমদানি করে মরক্কো থেকে। কৃষি অফিস থেকে কৃষকদের মধ্যে তা ইনট্যাক্ট প্যাকেটে বিতরণ করা হচ্ছে। কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সার পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।