
বঙ্গবন্ধুকে অবমাননা করার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে থাকা ১৩ শিক্ষককে কোরবানির ঈদের আগেই বিনা শর্তে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষক নেতারা। ওই শিক্ষকদের বিরুদ্ধে করা মামলা বিনা শর্তে প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান তাঁরা। ঈদের আগে মুক্তি দেওয়া না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তাঁরা।
গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন ও সমাবেশে শিক্ষক নেতারা এসব দাবি জানান। ১৩ শিক্ষকের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহার এবং মুক্তির দাবিতে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতির চট্টগ্রাম আঞ্চলিক শাখা।
গত বছরের জুলাই মাসে নবম শ্রেণির অর্ধবার্ষিক পরীক্ষায় ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়ের সৃজনশীল অংশের একটি প্রশ্নে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি লিয়াকত আলীর কার্যক্রমকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তুলনা করা হয় বলে অভিযোগ ওঠে। এই অভিযোগে বাঁশখালী থানায় দায়ের করা মামলায় ২৩ আগস্ট ১৩ শিক্ষককে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার শিক্ষকেরা হলেন দুকুল বড়ুয়া, মো. আলী, আমীর হোসেন, তাহেরুল ইসলাম, মোহাম্মদ মিয়া, আবুল কালাম, বাদল দাশ, মো. ইউসুফ, শ্যামল দে, অজিত করণ, ওয়াইজ উদ্দিন, বিজন ভট্টাচার্য্য ও এ এইচ এম সৈয়দ হোসেন।
গতকালের শিক্ষক সমাবেশে সংগঠনের চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী বলেন, প্রশ্নপত্রের কোথাও বঙ্গবন্ধুর নাম ছিল না। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিক্ষকদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। তাঁদের পরিবারের সদস্যরা মানবেতর জীবনযাপন করছেন। ঈদের আগে তাঁদের মুক্তি দেওয়া না হলে শিক্ষকেরা সারা দেশে কঠোর কর্মসূচি পালন করবেন।
বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির চট্টগ্রাম নগরের সাধারণ সম্পাদক অজিত দাশ বলেন, ১৩ শিক্ষক মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী।
গতকালের মানববন্ধন ও সমাবেশে চট্টগ্রাম নগর ছাড়া ১৪টি উপজেলার শিক্ষক ও শিক্ষকনেতারা উপস্থিত ছিলেন। শিক্ষক সমিতির চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি সৈয়দ লকিতুল্লাহের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শিমুল মহাজনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা সুনীল চক্রবর্তী, উত্তর জেলা শাখার সভাপতি রঞ্জিত নাথ ও সাধারণ সম্পাদক জানে আলম, দক্ষিণ জেলার সভাপতি ওসমান গণি ও সাধারণ সম্পাদক ছগির আহমেদ, নগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কানুনগো, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বিভাগীয় সাধারণ সম্পাদক আবুল মনসুর হামিদ প্রমুখ।