বিনা-৭ ধান চাষে কৃষকেরা সফল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বিনা-৭ জাতের ধানের ভালো ফলন পেয়েছেন কৃষকেরা। এতে তাঁদের মুখে হাসি ফুটেছে। অন্য জাতের ধানের তুলনায় প্রায় এক মাস আগেই এই ধান গোলায় তুলেছেন কৃষকেরা। উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১০ সালে পরীক্ষামূলকভাবে বিনা-৭ চাষ শুরু হয়। এ বছর বিনা-৭ চাষ করা হয়েছে এক হাজার ৫০ হেক্টর জমিতে। প্রতি বিঘায় ফলন হয়েছে ১৬ মণ। হেক্টরপ্রতি পাঁচ মেট্রিক টন। ২০১০ সালের আগে কৃষকেরা বিআর-১১ মুক্তা ধানের চাষ করতেন। ওই ধান ফলাতে লাগত ১৪৫ দিন। বিনা ধান-৭ আবাদে লাগে ১০৭ থেকে ১১০ দিন। উপজেলার আদমপুর গ্রামের কৃষক অহিদ মিয়া প্রথম আলোকে বলেন, ‘বিনা ধান-৭ চাষ করে আমি সফল হয়েছি। ধান কাটার পর সরিষা চাষ করেছি। সরিষার পরে বোরো ধান রোপণ করব।’ আচমিতার ভিটাদিয়া গ্রামের কৃষক নূরুল ইসলাম বলেন, ‘আমার এক বিঘা জমিতে বিনা-৭ চাষ করে ভালো ফলন পেয়েছি। এলাকার অন্তত ৬০ জন কৃষক বিনা-৭ চাষ করে আমার মতোই ভালো ফলন পেয়েছেন।’ জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান সম্প্রতি চাষি সমাবেশ করে বিনা-৭ ধান কাটার উদ্বোধন করেন। উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বলেন, তিন বছরের প্রচেষ্টায় বিনা-৭ জাতের ধান চাষ বেড়েছে। এবার এক হাজার ৫০ হেক্টর জমিতে এই ধান চাষ করা হয়। ফলন গড়ে প্রতি হেক্টরে পাঁচ টন। এরপর কৃষকেরা সরিষা, গম, আলু, ক্ষীরা ও সবজি চাষ করে আবার বোরোর আবাদ করতে পারবেন।