বিনার আইডিবি পুরস্কার লাভ, পাবে ৭৯ লাখ টাকা
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কার পেয়েছে। পুরস্কার হিসেবে প্রতিষ্ঠানটি পাবে এক লাখ ইউএস ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭৯ লাখ টাকা।
কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা বিবেকানন্দ রায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন। আগামী ১৫-১৬ মে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠেয় আইডিবির ৪১ তম পরিচালনা পর্ষদের সভায় বিনার মহাপরিচালকের হাতে পুরস্কার হিসেবে সনদ, ট্রফি ও এক লাখ ডলারের চেক তুলে দেওয়া হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯৭২ সালের পয়লা জুলাই বিনা প্রতিষ্ঠিত হয়। এ পর্যন্ত বিনা ১২টি ফসলের ৮৩টি উন্নত জাত, ৯টি জীবাণু সার ও অন্যান্য প্রযুক্তি উদ্ভাবন করেছে। এর উদ্ভাবিত কয়েকটি জাত লবণ, খরা ও বন্যা সহনশীল। দেশের খাদ্য নিরাপত্তায় বিনা অসামান্য ভূমিকা রাখছে।