বিনিময় সম্পত্তি অর্পিত তালিকা থেকে অবমুক্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রকৃত বিনিময় সম্পত্তি অর্পিত তালিকা থেকে অবমুক্তির দাবিতে গতকাল বুধবার কুমিল্লায় মানববন্ধন হয়েছে। বিনিময়কারী ঐক্য পরিষদ সকাল সাড়ে ১০টায় নগরের কান্দিরপাড়ের টাউন হলের সামনের সড়কে এ মানববন্ধন করে। মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, ভারত থেকে লোকজন এসে সম্পত্তি বিনিময়ের মাধ্যমে বাংলাদেশে বসতি স্থাপন করে। সম্প্রতি সরকার ওই সম্পত্তিকে অর্পিত সম্পত্তির ‘খ’ তফসিলভুক্ত সম্পত্তিতে অন্তর্ভুক্ত করে, যা অনভিপ্রেত ও দুঃখজনক। অবিলম্বে বিনিময় সম্পত্তি বসবাসকারীদের মধ্যে ফিরিয়ে দিতে হবে। একই সঙ্গে প্রশাসনকে সম্পত্তির নিবন্ধন দিতে হবে। এ সময় বক্তব্য দেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. ওমর ফারুক, কুমিল্লা শহর আওয়ামী লীগের সভাপতি রুস্তম আলী, কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর আবদুল মালেক, স্বজন কল্যাণ পরিষদের সভাপতি আবদুস সাত্তার প্রমুখ। পরে ভুক্তভোগীরা কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাঈদ মাহবুব খানের কাছে স্মারকলিপি দেন। গত শতাব্দীর ষাটের দশকে ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া, উদয়পুর ও আগরতলা থেকে কিছু মুসলমান বাংলাদেশের কুমিল্লায় বসতি স্থাপন করে। অন্যদিকে কুমিল্লার কিছু হিন্দুধর্মাবলম্বী ওই সব এলাকায় সম্পত্তি বিনিময়ের মাধ্যমে বসতি গড়ে তোলে।