১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা পুনর্ব্যক্ত
বিনিয়োগ আকৃষ্টে নতুন ধারণা নিয়ে কাজ করুন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যায়ক্রমে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় তাঁর সরকারের পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি স্থানীয় ও বিদেশি বিনিয়োগ আকৃষ্টের লক্ষ্যে নতুন ধারণা নিয়ে কাজ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। প্রধানমন্ত্রী গতকাল বুধবার তাঁর কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের গভর্নিং বোর্ডের তৃতীয় বৈঠকে এ নির্দেশ দেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ্যে দেশে ২১টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হয়েছে। বিনিয়োগ, শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে এ সংখ্যা এক শতে উন্নীত করার লক্ষ্যে তাঁর সরকার কাজ করে যাচ্ছে। এতে দেশের অর্থনৈতিক অগ্রগতি আরও গতিশীল হবে। এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এরই মধ্যে কয়েকটি অর্থনৈতিক অঞ্চলের স্থান নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে আরও অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় এ ধরনের স্থান নির্ধারণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিভিন্ন অঞ্চলের সম্ভাবনার বিষয় বিবেচনায় নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট এলাকার সম্পদের পর্যাপ্ততার ভিত্তিতে বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠা করতে হবে। ওই সব এলাকার যোগাযোগব্যবস্থাও বিবেচনায় নিতে হবে। শ্রমঘন শিল্প প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, এ ধরনের উদ্যোগ বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। তিনি উৎপাদনের বহুমুখীকরণ, শিল্পায়ন এবং বাজারজাতের দিকে নজর দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠায় আগ্রহী উদ্যোক্তারা তাঁদের নিজেদের উদ্যোগে বিদ্যুৎ উৎপাদনব্যবস্থা স্থাপন করতে পারেন।
শেখ হাসিনা বলেন, মানুষের আয় অনেক বেড়েছে। একই সঙ্গে অভ্যন্তরীণ বাজারও সম্প্রসারিত হচ্ছে। এ প্রেক্ষাপটে তিনি আন্তর্জাতিক বাজারে পণ্যের চাহিদার ভিত্তিতে স্থানীয়ভাবে শিল্প প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে বলেন, বাংলাদেশের জমি খুবই উর্বর। এখানে আরও কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন করতে হবে। তিনি ২০২১ সালের আগেই বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে তাঁর দৃঢ় আশাবাদের কথাও ব্যক্ত করেন।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, রেলপথমন্ত্রী মুজিবুল হক, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ সভায় উপস্থিত ছিলেন।