চীন চায় ‘সমস্যা ও ঘাটতিগুলো’ দূর করে বিনিয়োগের পরিবেশ আরও ভালো করতে এবং দ্রুত উন্নয়নের ধারায় থাকতে বাংলাদেশ ধারাবাহিকভাবে কাজ করে যাবে।
চীনের রাজধানী বেইজিংয়ে বাংলাদেশ ও নেপালের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা জানিয়েছেন চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য-বিষয়ক কাউন্সেলর ওয়াং কিহুই। তিনি বলেন, ‘আমরা আশা করি, বাংলাদেশে চীনের বিনিয়োগের পথ সহজ করতে বিনিয়োগের পরিবেশ উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাবে বাংলাদেশ।’ খবর ইউএনবির।
ওয়াং কিহুই বলেন, চীনের যেসব কোম্পানি বাংলাদেশে কাজ করছে, তাদের কাছ থেকে এখানকার বিভিন্ন সমস্যা তাঁরা জানতে পারেন। কোম্পানিগুলো কী ধরনের সমস্যার সম্মুখীন হয়, সে বিষয়ে তিনি বলেন, এখানে অবকাঠামোগত সুবিধা আধুনিক ও পর্যাপ্ত নয় এবং পরিবহন খরচ তুলনামূলকভাবে অনেক বেশি বলে তাঁরা মনে করেন। একই সঙ্গে চীনের তুলনায় এখানে কাস্টমসের ছাড়পত্র পেতে অনেক সময় লাগে এবং সরকারি কর্মকর্তাদের কাছে পৌঁছানো বেশ কঠিন।
এরপরও বাংলাদেশের বিদ্যমান সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে এখানে বিনিয়োগ ও ব্যবসা করার জন্য চীনা কোম্পানিগুলোকে তাদের সরকার অবশ্যই নিয়মিত উৎসাহ জুগিয়ে যাবে বলে জানান ওই কর্মকর্তা। তিনি আরও জানান, বাংলাদেশে প্রধানত বস্ত্র, বাসাবাড়ির সরঞ্জাম, পাট ও জ্বালানি খাতে বিনিয়োগ করার পরিকল্পনা চীনের আছে।