বিনিয়োগ বাড়াতে বিশেষ সুবিধা চায় জাপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বিভিন্ন খাতে ব্যাপকভাবে বিনিয়োগে আগ্রহী জাপান বিশেষ সুবিধার ব্যাপারে নিশ্চয়তা চায়। একই সঙ্গে ব্যবসায় অর্থায়ন নিশ্চিত করতে জাপান এখানকার বিনিয়োগের প্রক্রিয়ায় ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি আইনি জটিলতার অবসান চায়।
গতকাল বৃহস্পতিবার রাজধানীতে অনুষ্ঠিত বাংলাদেশ-জাপান সরকারি–বেসরকারি অর্থনৈতিক সংলাপে বিনিয়োগ নিয়ে এ ধরনের আলোচনা হয়েছে। বৈঠকের পর বাংলাদেশ প্রতিনিধিদলের একাধিক সদস্য প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
বৈঠকে বাংলাদেশের ৩২ সদস্যের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব আবুল কালাম আজাদ এবং জাপানের ৩৮ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সে দেশের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী নরিহিকো ইশিগুরো।
বৈঠকে উপস্থিত সরকারি ও বেসরকারি একাধিক প্রতিনিধি গত রাতে প্রথম আলোকে জানান, আসিয়ানভুক্ত দেশগুলোতে বিনিয়োগের সময় যে সুবিধা দেওয়া হয়, তা এখানে মিলবে কি না, জাপান তা বাংলাদেশের কাছে জানতে চেয়েছে। আর বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, জাপান বিনিয়োগে এগিয়ে এলে বর্তমানে বেজার (বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ) আওতায় শিল্প স্থাপনে যে সুবিধা দেওয়া হচ্ছে, তার চেয়ে কোনো অংশে কম দেওয়া হবে না।
বাংলাদেশে বিনিয়োগের জন্য আইনি জটিলতামুক্ত জমি নিশ্চিত করার বিষয়টিও জাপানের পক্ষ থেকে বৈঠকে তোলা হয়। এ ছাড়া বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করে জাপান।
বৈঠক সূত্রে জানা গেছে, শার্ট-প্যান্টের মতো পোশাক যা স্থানীয় নির্মাতারা উৎপাদন করে, এ ধরনের উৎপাদনে বিনিয়োগের আগ্রহ দেখান জাপানের বিনিয়োগকারীরা। এ সময় বাংলাদেশের পোশাকশিল্প মালিকদের পক্ষ থেকে বলা হয়, এ খাতে বাংলাদেশের সক্ষমতা রয়েছে; বরং বেশি দামের পোশাক যা বাংলাদেশের রপ্তানিকারকেরা উৎপাদন করে না, এমন খাতে জাপান বিনিয়োগ করার কথা ভাবতে পারে।
জানতে চাইলে বাংলাদেশের শিল্প ও বণিক সমিতিগুলোর ফেডারেশন (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ প্রথম আলোকে বলেন, জাপানের পক্ষ থেকে বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ সুবিধাসমূহ, বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও অবকাঠামো সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। এ দেশে বিনিয়োগ করলে তাঁদের কী কী সুবিধা দেওয়া হবে, তা নিয়ে জাপানের প্রতিনিধিরা জানতে চেয়েছেন।
এদিকে বৈঠক শেষে দেওয়া এক যৌথ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বস্ত্র, চামড়া, তথ্যপ্রযুক্তি, পর্যটন, সেবা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করা যায় বলে দুই পক্ষ মত দিয়েছে। জাপানের পক্ষ থেকে ব্যাপক হারে বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন এবং এ লক্ষ্যে অবকাঠামো উন্নয়নের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এ লক্ষ্যে সনদ–প্রক্রিয়ার সহজীকরণ, লাইসেন্স অনুমোদন, ভিসা এবং কাজের অনুমতিপত্র (ওয়ার্ক পারমিট) সহজ করার প্রস্তাব দিয়েছে জাপান।
এদিকে সংলাপের আগে জাপানের প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।