প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজার নিয়ে সরকারের গতানুগতিক নেতিবাচক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে বলে দাবি করেছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘প্রস্তাবিত বাজেট: প্রতিক্রিয়া ও করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনে ওই সংগঠনের পক্ষ থেকে এই দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি মিজান উর রশিদ চৌধুরী বলেন, ‘বর্তমান সরকারের শেষ বাজেটকে কেন্দ্র করে বিনিয়োগকারীদের মধ্যে অনেক প্রত্যাশার সৃষ্টি হয়েছিল। কিন্তু বাস্তবে তার প্রতিফলন ঘটেনি। বাজেটে পুঁজিবাজারের জন্য নামেমাত্র কিছু সুবিধা দেওয়া হয়েছে। পুঁজিবাজার বিষয়ে সরকারের গতানুগতিক নেতিবাচক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে বাজেটে। এতে বিনিয়োগের ব্যাপারে কোনো স্পষ্ট দিকনির্দেশনা নেই।’
প্রস্তাবিত বাজেটে বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ না হওয়ায় সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে ২৫ দফা দাবি পেশ করা হয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে বাজার স্থিতিশীলকরণে ১০ হাজার কোটি টাকার একটি তহবিল গঠন; বিনা শর্তে অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ অব্যাহত রাখা; বিনিয়োগকারীদের আস্থার সংকট দূর করতে সূচকের সর্বনিম্ন সার্কিট ব্রেকার নির্ধারণ; আমানত ও ঋণের সুদের হার কমানো; ৫০ হাজার টাকা পর্যন্ত লভ্যাংশ করমুক্ত রাখা; বিনিয়োগকারীদের জন্য কল্যাণ তহবিল গঠন; বাইব্যাক আইন করা; চলতি বছরের বিও চার্জ ৫০০ টাকা মওকুফ করা; পুঁজিবাজার তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি প্রদান; আত্মহত্যা করেছেন এমন বিনিয়োগকারীদের পরিবারের জন্য ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণের ব্যবস্থা করা; মিউচ্যুয়াল ফান্ডগুলো সক্রিয় করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া; পুঁজিবাজার সম্পর্কে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), দুর্নীতি দমন কমিশন (দুদক), অর্থ মন্ত্রণালয়সহ সবার নেতিবাচক মনোভাব ও বক্তব্য পরিহার করা প্রভৃতি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক কে এম শাহাদাত উল্লাহ ফিরোজ প্রমুখ।