বিনিয়োগকারীরা শঙ্কায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংকটে ইউনাইটেড এয়ার
সংকটে ইউনাইটেড এয়ার

মালিকদের মধ্যে দ্বন্দ্ব ও অর্থসংকটে দেশ-বিদেশের সব পথে বিমান চলাচল স্থগিত ঘোষণার পরদিনই ইউনাইটেড এয়ারলাইনসের শেয়ারের দাম ৭ দশমিক ৬৩ শতাংশ বা ৯০ পয়সা কমেছে। প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন এটির শেয়ারের বিনিয়োগকারীরা। আর বিমান সংস্থাটিতে কর্মরত এক হাজার ১০০ কর্মী চাকরি নিয়েও অনিশ্চয়তায় আছেন। আসন্ন ঈদের আগে বেতন-ভাতা জুটবে কি না, তা নিয়ে কর্মীদের মধ্যে সংশয় রয়েছে।
এ ছাড়া আগাম টিকিট কেটে যাত্রা নিয়ে দেশে-বিদেশে ভোগান্তির মুখে পড়েছেন কয়েক হাজার যাত্রী। ক্ষুব্ধ যাত্রীদের ভয়ে বিমানবন্দরের কাউন্টার ও উত্তরার কার্যালয় ছেড়েছেন কর্মীরা। দায়িত্ব পাওয়ার তিন দিন পরও গতকাল বৃহস্পতিবার পর্যন্ত নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দায়িত্ব বুঝে নেয়নি। এই অবস্থায় চরম এ বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে বিমান সংস্থাটিকে ঘিরে। বিদ্যমান সংকট উত্তরণে কিছুটা সময় চেয়েছে নতুন কর্তৃপক্ষ। এদিকে, সংস্থাটির পরিচালন কর্মকর্তারা সব ধরনের বিমান উড্ডয়ন স্থগিত ঘোষণার পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এটির পরিচালনা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে।
যোগাযোগ করা হলে বেবিচকের পরিচালক (ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশন) গ্রুপ ক্যাপ্টেন এস এম নাজমুল আনাম প্রথম আলোকে বলেন, ‘সংস্থাটির নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছি। নতুন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দায়িত্ব নেওয়ায় সবকিছু বুঝে নিতে তাঁদের কিছুটা সময় দরকার উল্লেখ করে তারা আবেদন করেছিল।’
নাজমুল আনাম আরও জানান, দীর্ঘ সময় ধরে এ স্থগিতাদেশ বহাল রাখা হবে না। নির্ধারিত সময়ের মধ্যে তারা বিমান চলাচল শুরু না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত বুধবার সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন করে আর্থিক সংকটের কারণে ইউনাইটেডের সব ধরনের উড্ডয়ন স্থগিতের ঘোষণা দেন সংস্থাটির পরিচালনার সঙ্গে যুক্ত কর্মকর্তারা। তারও আগে গত সোমবার পরিচালনা পর্ষদের সভায় পরিচালকদের একটি অংশের চাপে প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসবিরুল আহমেদ চৌধুরী পদত্যাগে বাধ্য হন। তাঁর পরিবর্তে নতুন চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হয় মাহতাবুর রহমান ও শাহীনুর আলমকে। এর পরই সংস্থাটিতে সংকট তৈরি হয়।
এদিকে, গতকাল শেয়ারবাজারে লেনদেনের শুরুতেই ইউনাইটেডের শেয়ারের দাম দিনের সর্বনিম্ন স্তরে নেমে যায়। প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত হয়ে পড়া বিপুলসংখ্যক বিনিয়োগকারী দিনের শুরুতে শেয়ার বিক্রির জন্য হুমড়ি খেয়ে পড়েন। এর ফলে শেয়ারের দাম সর্বনিম্ন স্তর ১০ টাকা ৭০ পয়সায় নেমে আসে।
তালিকাভুক্ত কোম্পানির মধ্যে যেগুলোর বাজারদর ১০০ টাকার কম, সেসব শেয়ারের দামের ওঠানামার ওপর প্রতিদিন ১০ শতাংশের সীমা আরোপিত (সার্কিট ব্রেকার) থাকে। অর্থাৎ এসব কোম্পানির শেয়ারের দাম এক দিনে ১০ শতাংশের বেশি ওঠানামা করতে পারবে না। লেনদেনের শুরুতেই সর্বনিম্ন সীমায় নেমে এলেও দিনের মধ্যভাগে এসে দামের কিছুটা উন্নতি হয়। ফলে দিন শেষে এটির শেয়ারের দাম দাঁড়িয়েছে ১০ টাকা ৯০ পয়সায়।
স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, ইউনাইটেডের ৫৬ কোটি ৮০ লাখ শেয়ারের মধ্যে ৫২ কোটি ৬৫ হাজারের বেশি শেয়ারের মালিক সাধারণ বিনিয়োগকারীরা। প্রতিষ্ঠানটির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে মাত্র চার কোটি ৮০ লাখের মতো শেয়ার। প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও এবং অধিকারমূলক শেয়ার ছেড়ে প্রতিষ্ঠানটি সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ৪১৫ কোটি টাকার বেশি সংগ্রহ করেছে। ২০০৭ সালের জুলাইয়ে যাত্রা শুরু করা এ সংস্থাটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় ২০১০ সালে।
অচলাবস্থার কারণে বিপাকে পড়া বিমান সংস্থাটির যাত্রীদের বড় অংশই হচ্ছে মধ্যপ্রাচ্যগামী বাংলাদেশি শ্রমিক। একইভাবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশমুখী অনেক যাত্রীও আটকা পড়েছেন।
বেসরকারি এ সংস্থাটি দেশের অভ্যন্তরে চট্টগ্রাম, সিলেট, যশোর, কক্সবাজার, বরিশাল, রাজশাহী, সৈয়দপুর, ঈশ্বরদী এবং আন্তর্জাতিকভাবে লন্ডন, দুবাই, কুয়ালালামপুর, কাঠমান্ডু, কলকাতা, জেদ্দা, ব্যাংকক, মাসকাট, সিঙ্গাপুর পথে বিমান পরিচালনা করত।
যোগাযোগ করা হলে ইউনাইটেড এয়ারের পরিচালক আফাজ মিয়া প্রথম আলোকে বলেন, ‘হঠাৎ করে সাবেক চেয়ারম্যানের পদত্যাগের ফলে এ পরিস্থিতি তৈরি হয়েছে। নতুনভাবে যাঁদের ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁরাও প্রস্তুত ছিলেন না। এই অবস্থায় পুরো পরিস্থিতি সামলে উঠতে আমাদের কিছুদিন সময় দরকার। যেসব যাত্রীর যাত্রা বাতিল হয়েছে, তাঁদের ক্ষতিপূরণ দেওয়া হবে।’
বিমান সংস্থাটির ভবিষ্যৎ হুমকির মুখে পড়লে তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ শেয়ারধারীরা। এসব ক্ষতিগ্রস্ত শেয়ারধারীকে সুরক্ষার কোনো বিধান নেই পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে। প্রতিষ্ঠানটির শেয়ার কিনে কোনো বিনিয়োগকারী চরমভাবে ক্ষতিগ্রস্ত হলেও তাঁকে কোনো ধরনের সুরক্ষা দিতে পারবে না বিএসইসি।
তালিকাভুক্ত কোম্পানি হিসেবে সব ধরনের বিমান উড্ডয়ন স্থগিত করার বিষয়টি মূল্য সংবেদন তথ্য হিসেবে স্টক এক্সচেঞ্জ ও নিয়ন্ত্রক সংস্থাকে জানানোর বিধান থাকলেও সেটি করা হয়নি। দেশের দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে বিমান সংস্থাটির উড্ডয়ন বন্ধের কোনো তথ্য পাওয়া যায়নি।
সামগ্রিক বিষয় নিয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক ও দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র ফরহাদ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘সংবাদপত্রের মাধ্যমেই আমরা কোম্পানিটির বিষয়টি জানতে পেরেছি। এর পর থেকে পুরো ঘটনাটি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এ বিষয়ে স্টক এক্সচেঞ্জগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগ অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে সিকিউরিটিজ আইনের ব্যত্যয় ঘটলে তার বিরুদ্ধে বিষয়ে বিএসইসি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।’
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে কোম্পানির কাছে ব্যাখ্যা চেয়ে ফ্যাক্সবার্তা পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে বিমান সংস্থাটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দিনভর যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি বলে ডিএসই কর্তৃপক্ষ জানিয়েছে।
বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, এ অবস্থায় বিএসইসির উচিত অতি দ্রুত তদন্ত কমিটি গঠন করে পুরো বিষয়টি খতিয়ে দেখা। পাশাপাশি প্রতিষ্ঠানটির আর্থিক প্রতিবেদনের বিশেষ নিরীক্ষা (অডিট) করানো। তিনি আরও বলেন, বিনিয়োগকারীদের সুরক্ষায় বিএসইসির উদ্যোগে বিশেষ তহবিল গঠন করা যেতে পারে।