বিনিয়োগ পরিবেশ ভালো করতে হবে সরকারকেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনিয়োগ বাড়ছে না। অর্থনীতির গতিও কিছুটা শ্লথ হয়ে পড়ছে। কমে গেছে প্রবাসী-আয়। তবে বিশ্ব অর্থনীতির মন্দা ও টাকার অতিমূল্যায়নের পরও ভালো প্রবৃদ্ধির মধ্যে আছে রপ্তানি আয়।
এরই মধ্যে দেশের ব্যবসায়ীদের সবচেয়ে প্রভাবশালী সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) গতকাল বুধবার এক রিপোর্ট প্রকাশ করে বলেছে, বিনিয়োগে এখনো অনেক পিছিয়ে বাংলাদেশ। উদ্যোক্তারা বিনিয়োগ করতে চান। সরকারকে এ জন্য অবশ্যই ব্যবসা-বাণিজ্য পরিচালনার পরিবেশ ভালো করতে হবে। তা না হলে চলতি ২০১৫-১৬ অর্থবছরে লক্ষ্যমাত্রা অনুযায়ী ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে না।
এর আগে ১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশ নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, চলতি অর্থবছর শুরুই হয়েছে প্রত্যাশার তুলনায় কিছুটা ধীরগতিতে। বেসরকারি খাতের ঋণের গতিও কমে গেছে। কর আদায় পরিস্থিতি দুর্বল। সরকারি ব্যাংকগুলোর অবস্থাও ভালো নয়। ফলে ২০১৫-১৬ অর্থবছরে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি হবে না। এবারের প্রবৃদ্ধি ৬ দশমিক ৩ শতাংশ হতে পারে। যদিও দাতা সংস্থাটি মনে করে, বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে এই প্রবৃদ্ধিও উল্লেখ করার মতোই।
সরকার অবশ্য বলছে, এবার ৭ শতাংশই প্রবৃদ্ধি হবে। আর বাংলাদেশ ব্যাংক মনে করে, প্রবৃদ্ধি ৬ দশমিক ৮ থেকে ৬ দশমিক ৯ শতাংশের মধ্যে থাকবে। অন্যদিকে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রাক্কলন হচ্ছে প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৭ থেকে ৬ দশমিক ৮ শতাংশের মধ্যে।
অর্থসচিব মাহবুব আহমেদ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক আছে। অর্থনীতির অবস্থাও অতীতের যেকোনো সময়ের তুলনায় ভালো। সুতরাং, বিনিয়োগ কম হওয়ার কোনো কারণ নেই, কম হচ্ছেও না।
চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ের অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে প্রকাশ করা ওই রিপোর্টে এমসিসিআই বিনিয়োগ বাড়াতে কোন তিনটি কাজ করতে হবে, তারও সুপারিশ করেছে। সেখানে তারা বলছে, বিনিয়োগকারীরা বিনিয়োগ করার আগে সাধারণত তিনটি বিষয় বিবেচনায় নেন। যেমন, অবশ্যই রাজনৈতিক স্থিতিশীলতা থাকতে হবে, সব ধরনের পরিষেবা ও অবকাঠামো-সুবিধা যাতে সহজে ও যৌক্তিক মূল্যে পাওয়া যায়, সে ব্যবস্থা করতে হবে এবং কম সুদে ঋণ দিতে হবে, যাতে ব্যবসা পরিচালনার খরচ কম হয়। এমসিসিআই মনে করে, বাংলাদেশকে এই দশকের মধ্যে মধ্যম আয়ের দেশ হতে হলে সরকারকে এই তিনটি কাজ অবশ্যই করতে হবে।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর এ বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, ‘এমসিসিআইয়ের বক্তব্য প্রাসঙ্গিক ও যুক্তিসংগত। বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্য-সহায়ক পরিবেশ তৈরি করতে সরকারকেই মূল ভূমিকা পালন করতে হবে। সরকার নিজেও বলছে যে তারা তা করছে। কিন্তু বাস্তবে দেখছি, বিনিয়োগ-সহায়ক পরিবেশের উন্নতি হচ্ছে না। কাঙ্ক্ষিত বিনিয়োগ না আসলে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন বেশ কঠিন হবে।’
এমসিসিআইয়ের মতে, সামগ্রিকভাবে অর্থনীতি ভালো করলেও সম্ভাবনার তুলনায় অনেক পিছিয়ে বাংলাদেশ। আর এই সম্ভাবনা ব্যবহার করা যাচ্ছে না মূলত পাঁচটি কারণে। যেমন, অবকাঠামোর স্বল্পতা, বিদ্যুৎ ও জ্বালানির সংকট, নীতির ধারাবাহিকতার অভাব, বিনিয়োগ-সহায়ক পরিবেশের ঘাটতি এবং রাজনৈতিক সম্প্রীতির অভাব।
আর আইএমএফও তাদের রিপোর্টে বলেছে, বিনিয়োগকে বাধাগ্রস্ত করতে পারে—এমন ঝুঁকির মধ্যে প্রধান হচ্ছে রাজনৈতিক সংঘাত আবার ফিরে আসা। আরেকটি বাধা হচ্ছে দুর্বল ব্যাংকিং খাত, বিশেষ করে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর নাজুক পরিস্থিতি। এতে বেসরকারি খাতে ঋণ সরবরাহ কমে যেতে পারে।
এমসিসিআই বিদেশি বিনিয়োগের অনেকগুলো বাধার কথাও উল্লেখ করেছে। যেমন, এখানে বিদ্যুৎ ও জ্বালানিসহ অবকাঠামোর স্বল্পতা রয়েছে, নীতি গ্রহণের ক্ষেত্রে নেই ধারাবাহিকতা, বাস্তবতার সঙ্গেও মিল থাকে না, সঠিক নিয়ন্ত্রণমূলক কাঠামোর অভাব, শিল্পের জন্য জমি সহজে পাওয়া যায় না, বিনিয়োগ বোর্ডে প্রশাসনিক দক্ষতার ঘাটতি, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে নেই সমন্বয় এবং রাজনীতিতে রয়েছে অনিশ্চয়তা।
বেসরকারি বিনিয়োগ তো এক জায়গাতেই আটকে আছে—এমন প্রসঙ্গে অবশ্য অর্থসচিব মাহবুব আহমেদ বলেন, ‘সরকারি বিনিয়োগ বাড়ছে। আমি বলব, বেসরকারি বিনিয়োগও এক জায়গায় নেই। কম হারে বাড়ছে, তবে বাড়ছে। সরকার নীতি পদক্ষেপ নিচ্ছে, আগামী দিনে আরও বাড়বে। এ ছাড়া বর্তমান বিনিয়োগের মান বাড়িয়েও জিডিপি প্রবৃদ্ধির হার বাড়ানো যায় এবং সে ক্ষেত্রে বেসরকারি খাতের ভূমিকাও গুরুত্বপূর্ণ।’
এমসিসিআই অবশ্য বিনিয়োগ পরিবেশ বিশ্লেষণের পাশাপাশি অর্থবছরের প্রথম ছয় মাসের অর্থনীতির বিভিন্ন সূচকেরও মূল্যায়ন করেছে। তবে বাংলাদেশ ব্যাংক মাত্রই সাত মাসের পরিসংখ্যান প্রকাশ করেছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, জুলাই-জানুয়ারি সময়ে সবচেয়ে খারাপ অবস্থায় আছে প্রবাসী-আয় বা রেমিট্যান্স। এই সাত মাসে প্রবাসী-আয়ে কোনো প্রবৃদ্ধি নেই, বরং ঘটেছে উল্টোটা। মাসভিত্তিক হিসেবে কেবল জানুয়ারি মাসেই প্রবাসী-আয়ে প্রবৃদ্ধি ঋণাত্মক, ৭ দশমিক ৩৪ শতাংশ। আর সাত মাসের প্রবৃদ্ধি (-) ১ দশমিক ০৫ শতাংশ। মূলত, টাকার অতিমূল্যায়ন ও বিশ্ব অর্থনীতির মন্দাই এর কারণ।
প্রবাসী-আয়ে প্রবৃদ্ধি না হলেও সাত মাসে রপ্তানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৮.২৬ শতাংশ। যদিও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছে, বাংলাদেশের পণ্যের অন্যতম বাজার ইউরোপিয়ান ইউনিয়নের মন্দা রপ্তানি আয় কমিয়ে দিতে পারে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে করা ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) চুক্তি বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা কমিয়ে দিতে পারে। কারণ, বাংলাদেশ এর সদস্য নয়। তারপরও শেষ পর্যন্ত হয়তো বাংলাদেশের রপ্তানির ওপর বড় প্রভাব পড়বে না। কারণ, বাংলাদেশ এখনো সস্তায় পোশাক তৈরি করে।