বিনিয়োগ বোর্ড ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ কমানোর সমালোচনা করেছেন সাংসদেরা। জাতীয় সংসদে গতকাল বুধবার প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এই সমালোচনা করেন তাঁরা।
একই সঙ্গে বিনিয়োগ বোর্ডের সমালোচনা করে বলা হয়, বিনিয়োগ বোর্ড গতিশীল নয়। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে তারা ব্যর্থ হয়েছে।
অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের মাহবুবউল আলম হানিফ বলেন, বিদেশি বিনিয়োগ আকৃষ্টে বিনিয়োগ বোর্ড ব্যর্থ হয়েছে। প্রতিটি সেক্টরে এই বিনিয়োগ বোর্ড বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। এর দায়ভার বর্তমান বিনিয়োগ বোর্ডকেই নিতে হবে।
অর্থমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে হানিফ বলেন, পেশাদার, দক্ষ, পরিশ্রমী ও দেশপ্রেমী ব্যক্তিদের দিয়ে বিনিয়োগ বোর্ডকে ঢেলে সাজালেই এ ব্যর্থতা থেকে বের হয়ে আসতে পারবে। তিনি বলেন, ‘ধীরে ধীরে দেশে আমরা বিদ্যুৎ উৎপাদনে লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হলেও শিল্প কলকারখানায় প্রয়োজনীয় প্রাকৃতিক গ্যাস সরবরাহ করতে আমরা ব্যর্থ হয়েছি। গ্যাস সরবরাহের জন্য হাজার হাজার আবেদন পেট্রোবাংলায় জমা আছে।’ তিনি গ্যাস-সংকটের স্থায়ী সমাধানের জন্য অর্থমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, ‘বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে আমাদের বিনিয়োগবান্ধব পরিবেশ, অবকাঠামো নির্মাণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে।’
ব্যক্তি কর হার ও অনুন্নয়ন ব্যয় কমানোর দাবি জানান সরকারদলীয় সাংসদ ফজলে নূর তাপস। তিনি বলেন, ব্যক্তি করের যে সীমা দেওয়া হয়েছে, এটাকে আরেকটু যৌক্তিকরণের প্রয়োজন রয়েছে। সর্বোচ্চ ব্যক্তি কর হার ২৫ ভাগই করা হোক, এটা গত বছর থেকেই ৩০ ভাগ করা হয়েছে। এটা কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। স্বতন্ত্র সাংসদ হাজি মো. সেলিম বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ কমানো হয়েছে। যে আকারের বাজেট সে তুলনায় এ দুই খাতে বরাদ্দ কম। এ বিষয়টি চিন্তা করতে হবে। তিনি সব মুক্তিযোদ্ধাকে ভাতা দেওয়ার দাবি জানান।
অপর স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী বলেন, বর্তমান বিনিয়োগ বোর্ড গতিশীল নয়। একে গতিশীল করতে রাজনৈতিক স্থিতিশীলতা দরকার। তিনি বিনিয়োগ বোর্ডকে গতিশীল করতে একটি কমিশন গঠনের প্রস্তাব করেন।