বিনিয়োগ বেড়েছে, গতি কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রায় চার হাজার কোটি টাকা ব্যয়ে ঢাকা-চট্টগ্রাম রেলপথের বেশির ভাগ অংশ ডাবল লাইনে (বিদ্যমান লাইনের পাশে আরেকটি নতুন লাইন) উন্নীত করা হলেও ট্রেনের পরিচালন সময় কমেনি। আগে যখন একটি রেললাইন ছিল, তখন ঘণ্টায় ৬০ থেকে ৭২ কিলোমিটার গতিতে ট্রেন চলত। আর এখন ট্রেন চলছে ৫০ কিলোমিটার গতিতে। ফলে নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে ট্রেন আগের চেয়ে বেশি সময় নিচ্ছে।
ঢাকা-চট্টগ্রাম রেলপথের একমাত্র বিরতিহীন ট্রেন সুবর্ণ এক্সপ্রেস। আন্তনগর এই ট্রেনে ২০০০ সালেও ৫ ঘণ্টা ১৫ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়া যেত। চট্টগ্রাম থেকে ঢাকায় পৌঁছাতেও একই সময় লাগত। ২০০৫ সালে এই ট্রেনের পরিচালন সময় বেড়ে দাঁড়ায় ৫ ঘণ্টা ৫০ মিনিটে। ২০১৪ সালে তা আরও বেড়ে হয় ৬ ঘণ্টা ৪০ মিনিট। আজ বৃহস্পতিবার থেকে এই ট্রেনের পরিচালন সময় হবে ৬ ঘণ্টা ১০ মিনিট। অর্থাৎ যাত্রীরা আগের চেয়ে ৩০ মিনিট কম সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন। কিন্তু ১৫ বছর আগে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা আরও ৫৫ মিনিট আগে গন্তব্যে যেতে পারতেন।
ঢাকা-চট্টগ্রাম রেলপথের দৈর্ঘ্য ৩২১ কিলোমিটার। এর মধ্যে ঢাকা থেকে টঙ্গী এবং চিনকি আস্তানা থেকে চট্টগ্রাম পর্যন্ত আগেই ডাবল লাইন ছিল। চট্টগ্রামের চিনকি আস্তানা থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত ৬১ কিলোমিটার রেলপথ ডাবল লাইনে উন্নীত করার পর ২০১৫ সালের ১৮ এপ্রিল তা উদ্বোধন করা হয়। অতি সম্প্রতি ভৈরব থেকে টঙ্গী পর্যন্ত ৬৪ কিলোমিটার অংশে ডাবল লাইন তৈরির কাজ শেষ হয়েছে। আনুষ্ঠানিক উদ্বোধন না হলেও এই পথে আজ বৃহস্পতিবার থেকে পরীক্ষামূলকভাবে ট্রেন চলবে। এ কারণে আজ থেকে রেলওয়ে পূর্বাঞ্চলের ২২ জোড়া ট্রেনের পরিচালন সময় পরিবর্তন করা হয়েছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সরদার সাহাদাত আলী প্রথম আলোকে বলেন, চিনকি আস্তানা থেকে লাকসাম এবং ভৈরব থেকে টঙ্গী পর্যন্ত মোট ১২৫ কিলোমিটার রেললাইন ডাবল হয়ে যাওয়ায় ট্রেনের পরিচালন সময় কমেছে। বৃহস্পতিবার (আজ) থেকে আন্তনগর সুবর্ণ, প্রভাতী, পাহাড়িকাসহ ২২ জোড়া ট্রেনের পরিচালন সময় ১০ থেকে ৩০ মিনিট কমে আসবে। অর্থাৎ, ঢাকা-চট্টগ্রাম বা চট্টগ্রাম-সিলেট পথের ট্রেনযাত্রীরা আজ থেকে গড়ে ১০ থেকে ৩০ মিনিট আগে গন্তব্যে পৌঁছাতে পারবেন।
তবে ১০ বছর আগে এসব ট্রেনে গড়ে প্রায় এক ঘণ্টা আগে গন্তব্যে পৌঁছাতে পারতেন যাত্রীরা।
রেলওয়ে সূত্র জানায়, চিনকি আস্তানা থেকে লাকসাম পর্যন্ত ডাবল লাইন প্রকল্পে ব্যয় হয়েছে ১ হাজার ৭৩১ কোটি টাকা। ভৈরব থেকে টঙ্গী পর্যন্ত ডাবল লাইন প্রকল্পে ব্যয় হয়েছে ২ হাজার ২১৩ কোটি টাকা। বর্তমান সরকার দুটি প্রকল্প বাস্তবায়নে মোট খরচ করেছে ৩ হাজার ৯৪৪ কোটি টাকা।
কিন্তু ডাবল লাইন চালুর পরও ট্রেনের গতি আগের চেয়ে কেন কমেছে, তা জানতে চাইলে চিনকি আস্তানা-লাকসাম ডাবল লাইন প্রকল্পের পরিচালক এস এম লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, ট্রেনের গতি বাড়াতে অনেকগুলো ফ্যাক্টর (বিষয়) কাজ করে। নতুন ইঞ্জিন ও নতুন কোচ লাগে। শুধু লাইন ঠিক করলে হয় না।
১৫-২০ বছর আগেও পুরোনো কোচ ও ইঞ্জিন দিয়ে সিঙ্গেল লাইনে তাহলে কীভাবে পাঁচ ঘণ্টায় ঢাকা-চট্টগ্রামের মধ্যে ট্রেন চলত, এই প্রশ্নের জবাবে লিয়াকত আলী বলেন, আসলে নতুন লাইনে ৭২ কিলোমিটার বেগে ট্রেন চালানো সম্ভব। তবে পুরোনো লাইনে সম্ভব হচ্ছে না বলে পরিচালন সময় বেশি লাগছে।
রেলওয়ের কর্মকর্তারা জানান, পুরোনো রেললাইন সংস্কারে সরকারের বিশেষ বরাদ্দ রয়েছে। নিয়মিত পুরোনো রেললাইন সংস্কারও করা হয়। এ বিষয়ে লিয়াকত আলী বলেন, আসলে গোটা লাইন ডাবল না হলে পরিচালন সময় কমানো যাবে না।
ট্রেনের পরিচালন সময় কাঙ্ক্ষিত মাত্রায় না কমার বিষয়ে ভৈরব-টঙ্গী ডাবল লাইন প্রকল্পের পরিচালক সাগর চক্রবর্তী বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথে ১৫টি স্টেশন বন্ধ রয়েছে। এসব স্টেশন সাবধানে অতিক্রম করতে হয়। তাতে আরও আধা ঘণ্টা সময় বেশি লাগছে।
রেলওয়ে সূত্র জানায়, ঢাকা-চট্টগ্রাম রুটের মহানগর প্রভাতীর পরিচালন সময় ১৫ মিনিট কমিয়ে আজ বৃহস্পতিবার থেকে ৭ ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টেশন থেকে প্রভাতী ট্রেন ছাড়ে। ১৯৮৬ সালে এই ট্রেনের পরিচালন সময় ছিল ৫ ঘণ্টা ৫ মিনিট, ১৯৯৫ সালে ছিল ৫ ঘণ্টা ৩০ মিনিট, ২০০৫ সালে ৫ ঘণ্টা ৫০ মিনিট, ২০০৬ সালে ৬ ঘণ্টা ৫৫ মিনিট এবং ২০১৪ সালে তা সাড়ে ৭ ঘণ্টায় উন্নীত হয়।
একইভাবে আজ থেকে চট্টগ্রাম-সিলেট রুটের আন্তনগর ট্রেন পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের পরিচালন সময় ৩০ মিনিট কমিয়ে ৯ ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছে। ১৯৮৬ সালে এর পরিচালন সময় ছিল ৮ ঘণ্টা ৪০ মিনিট, ১৯৯৫ সালে ৯ ঘণ্টা ৫ মিনিট, ২০০৫ সালে ৯ ঘণ্টা ২০ মিনিট এবং ২০১৪ সালে ৯ ঘণ্টা ৪৫ মিনিট ছিল। অর্থাৎ, ৩০ বছর আগের চেয়ে এখন পরিচালন সময় ২ ঘণ্টা ১০ মিনিট বেশি লাগছে।
ট্রেনের গতি কমে যাওয়ার বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. শহীদুল ইসলাম গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রেললাইনের কিছু অংশে ৭২ কিলোমিটার গতিতে ট্রেন চলছে। তবে রেললাইনে সব সময় সংস্কারকাজ চলমান থাকে। এ জন্য ট্রেনের গতি কমিয়ে আনতে হয়।
৭২ কিলোমিটার গতিতে ট্রেন চললে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে কেন ৬ ঘণ্টার বেশি লাগে, এই প্রশ্নের জবাবে শহীদুল ইসলাম বলেন, ‘আসলে অনেকগুলো ফ্যাক্টর এর সঙ্গে জড়িত। এ বিষয়ে প্রধান যান্ত্রিক প্রকৌশলী ও প্রধান পরিচালন কর্মকর্তা ভালো বলতে পারবেন।’
জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী মো. হারুন অর রশীদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের ইঞ্জিন ও কোচ ৭২ কিলোমিটারের বেশি গতিতে চালানোর জন্য প্রস্তুত। কিন্তু রেললাইনের ট্র্যাকের বিষয়টি পুরকৌশল বা প্রধান প্রকৌশলীর কার্যালয় দেখভাল করে। তারা আমাদের যে গতি বেঁধে দিয়েছে, সেই গতির বাইরে আমরা ট্রেন চালাতে পারি না। প্রধান প্রকৌশলীর কার্যালয়ের পরামর্শে ট্রেনের গতি গড়ে সর্বোচ্চ ৫০ কিলোমিটার রাখা হয়েছে।’
এ বিষয়ে প্রধান পরিচালন কর্মকর্তা মিয়া জাহানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
রেলওয়ের কর্মকর্তারা জানান, লাকসাম থেকে আখাউড়া পর্যন্ত ৭১ কিলোমিটার সিঙ্গেল লাইনটি ডাবল করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। চলতি বছরে প্রকল্পটির কাজ শুরু হবে বলে সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান। বাকি ২৫০ কিলোমিটারে ডাবল রেললাইন রয়েছে।
জানতে চাইলে ভৈরব-টঙ্গী ডাবল লাইন প্রকল্পের পরিচালক সাগর চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ৩২১ কিলোমিটার রেললাইন ডাবল করতে ২০২০ সাল পর্যন্ত সময় লাগবে। প্রকল্প বাস্তবায়িত হলে চার থেকে সাড়ে চার ঘণ্টায় এই রেলপথে গন্তব্যে পৌঁছানো যাবে।