বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে নিরাপত্তা নিশ্চিত করতে হবে: মার্শা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, সম্প্রতি ঘটে যাওয়া জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে বিদেশি বিনিয়োগকারীদের পুনরায় আশ্বস্ত করতে সরকারকে এমন কাজ হাতে নিতে হবে, যাতে কারখানা ও ব্যক্তির নিরাপত্তা যথাযথভাবে নিশ্চিত হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি অভিজাত হোটেলে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওষুধ যুক্তরাষ্ট্রে রপ্তানি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত এ কথা বলেন।

মার্শা বার্নিকাট বলেন, আরও বিনিয়োগ আনতে এবং মধ্যম আয়ের দেশে পরিণত হতে অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রাখার লক্ষ্যে একটি নিরাপদ ও স্থিতিশীল বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘আমি জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফের বক্তব্য শুনে দেখে আনন্দিত যে সব দল জঙ্গিবিরোধী কমিটিতে অন্তর্ভুক্ত হচ্ছে।’

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান প্রমুখ বক্তব্য দেন।

আমাদের গাজীপুর প্রতিনিধি জানান, ওষুধ রপ্তানি শুরু উপলক্ষে আজ সকালে গাজীপুরের টঙ্গীতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কারখানা পরিদর্শনে যান মার্কিন রাষ্ট্রদূত। কারখানা চত্বরে তাঁকে স্বাগত জানান প্রতিষ্ঠানটির এমডি নাজমুল হাসান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে মার্কিন রাষ্ট্রদূত কারখানার বিভিন্ন বিভাগের উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন। তিনি ওষুধ উৎপাদন প্রক্রিয়া দেখে সন্তোষ প্রকাশ করেন।

১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বর্তমানে যুক্তরা​ষ্ট্রসহ বিশ্বের ৫০টি দেশে তাদের ওষুধ রপ্তানি হচ্ছে।