বিনিয়োগকারীদের জন্য টাস্কফোর্স গঠনের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে অনায়াসে ব্যবসা করতে জাপানি বিনিয়োগকারীদের জন্য একটি কার্যকর টাস্কফোর্স গঠনের ঘোষণা দিয়েছেন৷ গতকাল মঙ্গলবার টোকিওতে জাপান এক্সটারনাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) সদর দপ্তরে আয়োজিত ‘বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসার সুযোগ-সুবিধা’ শীর্ষক এক সেমিনারে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।
এক্সপোর্ট প্রসেসিং জোনে (ইপিজেড) কেবল জাপানি বিনিয়োগকারীদের জন্য ৪০টি শিল্প প­ট বরাদ্দ রাখার কথা জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা জাপানি বিনিয়োগকে সর্বোচ্চ গুরুত্ব দেই।’ এ পরিপ্রেক্ষিতে তিনি জাপানি বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া আশা করেন৷
শেখ হাসিনা বলেন, জেটরো নেতাদের উদ্দেশে বক্তৃতা দিতে পেরে তিনি খুবই খুশি। তিনি আশা প্রকাশ করেন, এর ফলে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার হবে।
জেটরো সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বেসরকারি খাতের নেতা হিসেবে আপনারা ব্যতিক্রমী উদ্যোগ, কঠোর পরিশ্রম ও আন্তরিকতা দিয়ে অর্থনৈতিক উন্নয়নে গতির সঞ্চার করেন। তিনি বলেন, অনেক বাধাবিপত্তি সত্ত্বেও জাপানি বিনিয়োগকারীরা তাঁদের উদ্ভাবনী ও মানবসম্পদ নিয়ে কয়েক দশক ধরে স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করে আসছে। তিনি আরও বলেন, জাপানি বাণিজ্য, বিনিয়োগ ও কারিগরি সহযোগিতার মাধ্যমে উপকৃত হয়েছে, এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন জাপানের অর্থ, বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী মিদোরি মাতসুশিমা, বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাবিষয়ক জাপান-বাংলাদেশ কমিটির চেয়ারম্যান কোজি টাকাইয়ানাগি এবং জেটরোর চেয়ারম্যান হিরোইকি ইশিগে।
পরে বেপজা জোনে জাপানি বিনিয়োগকারীদের জন্য প্লট বরাদ্দ বিষয়ে প্রধানমন্ত্রী এবং জাপানের অর্থ, বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী মিদোরি মাতসুশিমার উপস্থিতিতে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটিজ (বেপজা) ও জেটরোর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ে ভাষণ: প্রধানমন্ত্রী গতকাল জাপানের ওয়াসেদা বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘শিক্ষা ও যুবসমাজের ক্ষমতায়ন’ শীর্ষক এক অনুষ্ঠানে ভাষণ দেন৷ সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে একটি পারস্পরিক মতবিনিময় অনুষ্ঠানেও যোগ দেন।
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, শিক্ষিত নতুন প্রজন্ম যুদ্ধ ও ধ্বংসের পরিবর্তে শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও আশঙ্কামুক্ত বিশ্ব গড়ে তুলতে সমর্থ হবে। এ ব্যাপারে তিনি নতুন প্রজন্মকে একই পরিবারের সদস্য হিসেবে ঘনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, সেদিন বেশি দূরে নয়, যখন তারা (নতুন প্রজন্ম) জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট সব চ্যালেঞ্জ ও বাধা দ্রুত দূর করবে৷ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট উচিদা কাতসুইচিও বক্তব্য দেন।
জাপানকে বাংলাদেশের বিশ্বস্ত ও বৃহত্তম উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি, দরিদ্রতা হ্রাস ও এমডিজির বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্জনে জাপানের অর্থনৈতিক সহায়তা আমাদের সাহায্য করেছে।’
গত ৪০ বছরে ‘জাপান ওভারসিস কো-অপারেটিভ অ্যাসোসিয়েশন’-এর বাংলাদেশে তরুণ স্বেচ্ছাসেবকদের পাঠানোর কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তারা বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে অবদান রাখছে। তিনি ১৯৯৭ সালে ওয়াসেদা বিশ্ববিদ্যালয় সফরের কথা উল্লেখ করে বলেন, এখানে ভর্তি হওয়া ও শিক্ষালাভ করা মর্যাদার বিষয়। তাঁকে ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের দেওয়া ‘অনারাির ডক্টর অব ল’ ডিিগ্র প্রদানের কথাও তিনি স্মরণ করেন৷
বর্তমানে বাংলাদেশ ও জাপানের চমৎকার বন্ধুত্বের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধে জাপানি জনগণের সমর্থনের মধ্য দিয়ে এ বন্ধুত্বের শুরু৷’ তিনি আরও বলেন, ‘আমাদের দুই দেশের ধ্বংস ও উন্নয়নের ইতিহাসও অভিন্ন৷’