বাংলাদেশ এখন দেশি-বিদেশি বিনিয়োগকারী আকৃষ্ট করতে সক্ষম হচ্ছে বলে মন্তব্য করেছেন ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাং। বাংলাদেশ ইপিজেড ইনভেস্টরস অ্যসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় তিনি এ মন্তব্য করেন। গতকাল রোববার চট্টগ্রাম নগরের র্যা ডিসন ব্লু হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় কিহাক সাং বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে এখন অনেক শক্তিশালী। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশও বেশ ভালো। বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে যথেষ্ট আগ্রহী হয়ে উঠছে। বিনিয়োগের এমন অনুকূল পরিবেশ বজায় থাকলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
কিহাক সাং বলেন, পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ শিল্পপণ্য উৎপাদনে যেকোনো ধনী দেশের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে। বাংলাদেশি পাসপোর্ট ছাড়া তাঁর সবকিছুই বাংলাদেশে উল্লেখ করে তিনি বলেন, ‘ঢাকা, চট্টগ্রাম, কর্ণফুলী ও কোরিয়ান ইপিজেডে সিংহভাগ বিনিয়োগ আমি করেছি।’
সাধারণ সভায় ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, কর্ণফুলী, কোরিয়ান, ঈশ্বরদী ও মোংলা ইপিজেডের অর্ধশত দেশি-বিদেশি বিনিয়োগকারী উপস্থিত ছিলেন।
সভায় আগামী দুই বছরের মেয়াদের জন্য বাংলাদেশ ইপিজেড ইনভেস্টরস অ্যসোসিয়েশনের কমিটি গঠন করা হয়। এতে কিহাক সাংকে চেয়ারম্যান, নাসির উদ্দিনকে সিনিয়র ভাইস চেয়ারম্যান, জারাফ কাদেরকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়। এ ছাড়া খাজা মাঈনুদ্দিন ফরহাদকে সভাপতি, জিন্নাহ চৌধুরীকে সাধারণ সম্পাদক, সৈয়দ মোহাম্মদ তানভীরকে জ্যেষ্ঠ সহসভাপতি ও আবু সুফিয়ানকে কোষাধ্যক্ষ করে অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম জোনের নতুন কমিটি গঠন করা হয়।