বিনিয়োগে আস্থা পাচ্ছেন না উদ্যোক্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসের রাজনৈতিক অস্থিরতার পর বিনিয়োগকারীরা শেষ দিকে কিছুটা হলেও বিনিয়োগে ফিরে এসেছেন। তবে মধ্য মেয়াদে বিনিয়োগে আস্থা পাচ্ছেন না তাঁরা।
এ পরিস্থিতিতে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে রাজনৈতিক সমঝোতার তাগিদ দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটি বলছে, মধ্য ও দীর্ঘমেয়াদের বিনিয়োগের নিশ্চয়তা চান ব্যক্তি খাতের বিনিয়োগকারীরা। যখনই বাস্তবসম্মত পরিবেশ পাবেন, তখনই উদ্যোক্তারা বিনিয়োগ করবেন। এর আগে তাঁরা বিনিয়োগে উৎসাহিত হবেন না। এ জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক সমঝোতা দরকার৷ এই সমঝোতা শুধু জাতীয় নির্বাচনকেন্দ্রিক নয়, অন্য রাজনৈতিক বিষয়েও হওয়া উচিত।
গতকাল রোববার ব্র্যাক সেন্টারে ২০১৩-১৪ অর্থ বছের বাংলাদেশের অর্থনীতি পর্যালোচনা করে সিপিডি এ কথা বলেছে। পাশাপাশি সংস্থাটি চলতি অর্থবছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি নিয়েও প্রশ্ন তুলেছে৷ সিপিডি মনে করে, জিডিপি গণনার সবচেয়ে বড় সেবা খাতটি হরতাল ও অবরোধে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ চলতি ২০১৩-১৪ অর্থবছরে ৬ দশমিক ১২ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে সামিয়ক হিসাব করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
সিপিডির নির্বাহী পরিচালক ড. মোস্তাফিজুর রহমান বলেন, এখনো রাজনৈতিক সমঝোতার জন্য আলোচনা শুরুর কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। আলোচনার জায়গা সংকুচিত হয়ে যাচ্ছে৷ জাতীয় নির্বাচন তো হুট করে হয়ে যাবে না। আলোচনা শুরু হলে সমাধানের বিভিন্ন পথ বের হবে৷ তিনি মনে করেন, বিনিয়োগ না হলে দেশ থেকে অর্থ পাচারের প্রবণতা বাড়বে। তাই অর্থনীতির সঙ্গে রাজনীতির একটা ঘনিষ্ঠ সংশ্লেষ দরকার।
মোস্তাফিজুর রহমানের মতে, ২০১৩-১৪ অর্থবছরটি বেশ চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছে। বছরের প্রথমার্ধে দেশের অর্থনীতি বড় ধরনের ধাক্কার মুখে পড়েছিল। সরবরাহব্যবস্থা ভেঙে পড়েছে, উৎপাদন বাধাগ্রস্ত হয়। দুশ্চিন্তায় ছিলেন বিনিয়োগকারীরা। দ্বিতীয় চ্যালেঞ্জটি হলো নির্বাচনের পরও অনিশ্চয়তা কাটেনি। তার প্রতিফলন পড়েছে সামগ্রিক বিনিয়োগে। তিনি বলেন, অবকাঠামো খাতের দুর্বলতা চিহ্নিত করে সমাধান করতে না পারলে কোনো কিছু হবে না। জিডিপি প্রবৃদ্ধিতে গতিও আসবে না।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরে সঞ্চয়ের হার আগের অর্থবছরের চেয়ে বেড়েছে। গত অর্থবছরে যেখানে সঞ্চয়ের হার ছিল মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২২ শতাংশ, তা এখন দাঁড়িয়েছে ২৩ দশমিক ৪ শতাংশে। তবে সঞ্চয় বাড়লেও ব্যক্তি খাতের বিনিয়োগ কমেছে। গত অর্থবছরে যেখানে ব্যক্তি খাতের বিনিয়োগের হার ছিল জিডিপির ২১ দশমিক ৭ শতাংশ, সেখানে এখন তা নেমে এসেছে ২১ দশমিক ৪ শতাংশে।
১০ বছরে ৬ বারই চূড়ান্ত জিডিপি প্রবৃদ্ধি কমেছে: সিপিডি বলছে, জিডিপির প্রবৃদ্ধির চূড়ান্ত হিসাব করতে গিয়ে বিগত ১০ বছরে প্রতিবারই প্রাক্কলিত হিসাব পরিবর্তন করেছে বিবিএস। এর মধ্যে ছয়বারই প্রাক্কলিত হিসাবের চেয়ে চূড়ান্ত প্রবৃদ্ধি কম হয়েছে৷
চলতি অর্থবছরের সেবা খাতের প্রবৃদ্ধি সম্পর্কে মোস্তাফিজুর রহমান বলেন, গত বছরের হরতাল, অবরোধে যানবাহন চলেনি বললেই চলে৷ হোটেল-রেস্তোরাঁ ব্যবসায় মন্দা ছিল, আবাসন প্রতিষ্ঠানগুলোর ফ্ল্যাট তেমন বিক্রি হয়নি। এসব কারণে সেবা খাতের প্রবৃদ্ধি কমার কথা। কিন্তু বিবিএস কোন তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে সেবা খাতের প্রবৃদ্ধি ৫ দশমিক ৮ শতাংশ প্রাক্কলন করেছে, তা স্পষ্ট নয়।
সিপিডির নির্বাহী পরিচালক মনে করেন, প্রবৃদ্ধির প্রাক্কলনই সবকিছু নয়। চূড়ান্ত হিসাব করার সময় বিবিএস এটা আবার পরিবর্তন করতে পারে৷ কারণ, যখন হিসাব করা হয়, তখন উৎপাদনশীল খাতের তথ্য থাকে ১০ মাসের৷ কৃষি খাতের সবচেয়ে বড় ফলন বোরো মৌসুমের কোনো উপাত্তই তখন থাকে না৷ সে কারণেই কিছু আনুমানিক তথ্য নিয়েই জিডিপির এই প্রাক্কলন করা হয়।
মোস্তাফিজুর রহমান বলেন, প্রতি দশকে এ দেশে ১ শতাংশ হারে যে প্রবৃদ্ধি বাড়ছিল, সেটা এবার ধরে রাখা যাচ্ছে না৷ ভবিষ্যতে তা আরও কঠিন হয়ে পড়বে। এখন বিনিয়োগ বাড়িয়ে প্রবৃদ্ধির গতিকে ঠিক রাখতে হবে। কিন্তু বর্তমান অবস্থায় তা কতটা কার্যকর হবে, সে বিষয়ে সংশয় প্রকাশ করেন তিনি।
বিগত কয়েক বছর ধরেই জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশের ঘরে আটকে আছে৷ প্রবৃদ্ধির হার ৬ শতাংশের নিচে দেখানো যাবে না, এমন প্রবণতা সরকারের মধ্যে কাজ করছে বলে মনে করে সিপিডি৷
সিপিডির গবেষণা পরিচালক ফাহমিদা খাতুন বলেন, ‘যেকোনো মূল্যে ৬ শতাংশ প্রবৃদ্ধি দেখাতে হবে, এমন প্রবণতা সরকারের মধ্যে দেখা যাচ্ছে। আবার আমরা ৬ শতাংশ প্রবৃদ্ধির মধ্যে আটকে গেছি৷ মধ্য আয়ের দেশে পরিণত হতে হলে আরও বেশি হারে প্রবৃদ্ধি অর্জন করতে হবে। ৬ শতাংশের মধ্যে আটকে থাকার মানে হলো, নতুন কর্মসংস্থান হচ্ছে না। অথচ প্রতিবছর দেশে ২০ লাখ মানুষ শ্রমবাজারে প্রবেশ করছে। আবার প্রবৃদ্ধি যখন বাড়ছিল, তখন একই সঙ্গে দারিদ্র্যও কমছিল। প্রবৃদ্ধি আটকে থাকায় সেখানেও প্রভাব পড়েছে; প্রভাব পড়েছে আয়বৈষম্যেও।’