বিনিয়োগের জন্য গ্যাস-বিদ্যুৎ চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত মতবিনিময় সভায় (বাঁ থেকে) ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিসিআইয়ের সভাপতি  এ কে আজাদ ও প্রধানমন্ত্রীর জ্বালানি উপেদষ্টা তৌফিক–ই–ইলাহী চৌধুরী l ছবি: প্রথম আলো
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত মতবিনিময় সভায় (বাঁ থেকে) ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বিসিআইয়ের সভাপতি এ কে আজাদ ও প্রধানমন্ত্রীর জ্বালানি উপেদষ্টা তৌফিক–ই–ইলাহী চৌধুরী l ছবি: প্রথম আলো

‘বিনিয়োগের জন্য গ্যাস-বিদ্যুতের নিশ্চয়তা দিন, বাকি সব প্রতিবন্ধকতা আমরা নিজেরা উতরাতে পারব।’ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর কাছে এভাবেই নিজেদের দাবি জানালেন দেশের শীর্ষ শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতারা।
শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মতে, বাংলাদেশের অর্থনীতি এখন বেশ স্থিতিশীল। বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতিও অনেক। তবে বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংকঋণের উচ্চ সুদহার, জমির স্বল্পতা, রাজনৈতিক অনিশ্চয়তাসহ অনেক ধরনের সমস্যা রয়েছে। এত দিন এসব সমস্যা মোকাবিলা করেই বিকল্প নানা ব্যবস্থার মাধ্যমে উদ্যোক্তারা বিনিয়োগ এগিয়ে নিয়েছেন। কিন্তু এখন গ্যাস আর বিদ্যুতের নিশ্চয়তা না পেলে বিনিয়োগ এগিয়ে নেওয়া দুরূহ।
রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত মতবিনিময় সভায় বিনিয়োগের এই প্রতিবন্ধকতার চিত্র উঠে এসেছে। জবাবে অর্থমন্ত্রী ও জ্বালানি উপদেষ্টা নিশ্চয়তা দিয়েছেন, আগামী দুই বছরের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান হয়ে যাবে। গ্যাস সমস্যার সমাধানেও বিকল্প ব্যবস্থা নিশ্চিত করা হবে। সভায় অর্থমন্ত্রী প্রধান অতিথি ও জ্বালানি উপদেষ্টা বিশেষ অতিথির বক্তব্য দেন।
উদ্যোক্তাদের আশ্বস্ত করে তৌফিক-ই-ইলাহী বলেন, ‘আমাকে এক-দেড় বছর সময় দিন। এরপর মন্ত্রিপাড়ায় যেভাবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হয়, শিল্পেও সেই ধরনের সরবরাহ ও মানসম্মত বিদ্যুৎ নিশ্চিত করা হবে। আর দুই বছরের মধ্যে গ্যাসের সরবরাহও নিশ্চিত করতে পারব। এ জন্য বিদেশ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন করে গ্যাস অনুসন্ধানে ১০টি কূপ খননের সিদ্ধান্তও চূড়ান্ত হয়েছে।’
বাংলাদেশ ব্যাংক চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম তিন মাসের আমদানির যে তথ্য প্রকাশ করেছে, তাতে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে আমদানি প্রবৃদ্ধি প্রায় সাড়ে ৮ শতাংশ ঋণাত্মক। পুঁজি যন্ত্রপাতির আমদানি প্রবৃদ্ধিও ২৮ শতাংশ ঋণাত্মক। এ থেকে বিনিয়োগের স্থবিরতার চিত্রটি পরিষ্কার।
বিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, বিনিয়োগ স্থবিরতার কারণে বেসরকারি খাতে ঋণ নেওয়ার প্রবণতা কমে গেছে। মানে বাংলাদেশ ব্যাংক বেসরকারি ঋণ প্রবৃদ্ধির যে লক্ষ্য নির্ধারণ করেছে, সেটি পূরণ হচ্ছে না। হিমায়িত খাদ্য, চামড়াজাত পণ্য, পাটপণ্যের রপ্তানি প্রবৃদ্ধিও ঋণাত্মক। কারণ, বিনিয়োগের স্থবিরতা বিরাজ করছে। আর বিনিয়োগ স্থবিরতার কারণ জ্বালানি নিয়ে অনিশ্চয়তা।
বিসিআই আয়োজিত ‘শিল্পে বিনিয়োগের সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক মতবিনিময় সভায় দেশের শীর্ষ শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ীরা বক্তব্য দেন। বেলা ১১ থেকে শুরু হয়ে প্রায় চার ঘণ্টাব্যাপী এ আলোচনা চলে। তাতে বিভিন্ন শিল্প খাতের প্রতিনিধিরা নিজ নিজ খাতের সমস্যা তুলে ধরেন এবং সেগুলোর সমাধানে অর্থমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
ব্যবসায়ী ও উদ্যোক্তারা এ-ও বলেছেন, রাতারাতি সরকার বিদ্যুৎ ও গ্যাস সমস্যার সমাধান করে দেবে, এটিও বাস্তবসম্মত নয়। সেটি প্রত্যাশাও করা হয় না। তাই সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট একটি পথনকশা দেওয়া উচিত। তাহলে সেই অনুযায়ী উদ্যোক্তারা বিনিয়োগের পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।
বিসিআইয়ের বর্তমান সভাপতি এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন সাবেক ব্যবসায়ী নেতা ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ। এতে বক্তব্য দেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তপন চৌধুরী, মেট্রো চেম্বারের সাবেক সভাপতি ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান, বিটিএমএর সাবেক সভাপতি আবদুল হাই সরকার, নিট পোশাকমালিকদের সংগঠন বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক, আবাসন মালিকদের সংগঠন রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন, নিউজপেপারস ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) সভাপতি ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান প্রমুখ।
সভায় আরও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর।
মতবিনিময় সভায় অর্থমন্ত্রী বলেন, বিদ্যুতের উৎপাদন ও সরবরাহ পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। কিন্তু সঞ্চালন লাইনের কারণে শিল্পে মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না।
শিল্প উদ্যোক্তাদের দাবির পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেন, সরকার যেসব শিল্পপার্ক তৈরির উদ্যোগ নিয়েছে, সেসব এলাকায় বিদ্যুৎসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করা হবে। পরিবেশগত দিক বিবেচনায় শিল্পপার্ক এলাকায় বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপনের কাজটিও সরকার করে দেবে। তবে সে ক্ষেত্রে শিল্পমালিকদের কাছ থেকে কিছু মাশুল আদায় করা হবে।
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য সর্বনিম্ন পর্যায়ে নেমে আসায় সভায় ব্যবসায়ীরা দেশের বাজারে জ্বালানি তেলের, বিশেষ করে ডিজেলের দাম কমানোর দাবি জানান। জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘তেলের দাম কমানোর কোনো চিন্তা এখনো সরকারের নেই। বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশের বাজারে কখন তা সমন্বয় করা হবে, তা এই মুহূর্তে বলতে পারছি না।’ তবে সঞ্চয়পত্রের সুদের হার সমন্বয়ের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান অর্থমন্ত্রী।
মূল প্রবন্ধে আহসান এইচ মনসুর বলেন, বিনিয়োগ বাড়াতে না পারলে কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হবে না। পাশাপাশি বিনিয়োগ পরিবেশও উন্নত করতে হবে। কারণ, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ সবচেয়ে খারাপ।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, ব্যাংকে বিপুল পরিমাণ অলস টাকা পড়ে আছে। উন্নয়নের স্বার্থে বিনিয়োগ দরকার। সেটি করতে হলে এখনই সরকারকে কিছু অগ্রাধিকার খাত নির্ধারণ করতে হবে। যেসব শিল্প খাতে সম্ভাবনা ও সম্প্রসারণের সুযোগ রয়েছে, সেগুলোকে অগ্রাধিকার তালিকাভুক্ত করে সমস্যা সমাধানের ব্যবস্থা নিতে হবে। বিদ্যুৎ ও গ্যাসের বিষয়ে বিনিয়োগকারীদের সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়ারও পরামর্শ দেন তিনি।
বিটিএমএর সভাপতি তপন চৌধুরী বলেন, সরকার বিভিন্ন সময় হঠাৎ করেই একসঙ্গে বিদ্যুতের দাম বাড়িয়ে দেয়। এতে করে শিল্পের উৎপাদন খরচ বেড়ে যায়। তাই বিদ্যুতের দাম বাড়ানো উচিত ধাপে ধাপে। আর বর্তমানে বিদ্যুতের অভাবে অনেক শিল্প উৎপাদনে যেতে পারছে না। তাই সরকারের উচিত বিকল্প ব্যবস্থা করা।
মেট্রো চেম্বারের সাবেক সভাপতি লতিফুর রহমান বলেন, সম্প্রতি বাংলাদেশ ব্যাংক বৃহৎ ঋণ পুনর্গঠনের বিশেষ সুবিধা দিয়েছে। বড় ঋণগ্রহীতাদের এ সুবিধা দেওয়া হচ্ছে। কিন্তু ছোট যেসব উদ্যোক্তা বাস্তব সমস্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদেরও এ ধরনের সুবিধা দেওয়া উচিত।
নোয়াবের সভাপতি ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সংবাদপত্রকে শিল্পের মর্যাদা দেওয়ায় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। তিনি সংবাদপত্রশিল্পের কিছু সমস্যাও তুলে ধরেন। তিনি বলেন, নিউজপ্রিন্ট আমদানির ক্ষেত্রে এখন ২০ শতাংশ ট্যাক্স ও ভ্যাট দিতে হয়। এটি অতিরিক্ত এবং এ শিল্পের অগ্রযাত্রার জন্য প্রতিবন্ধকতা।
মীর নাসির হোসেন বলেন, দেশে এখন বিনিয়োগই সবচেয়ে বড় ইস্যু। বিনিয়োগে অনেক প্রতিবন্ধকতা আছে। সরকার শুধু গ্যাস-বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করুক, বাকি সব প্রতিবন্ধকতা উদ্যোক্তারা কাটিয়ে উঠবেন।
বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক বলেন, ‘গ্যাস-বিদ্যুতের বিষয়ে আমরা সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট পথনির্দেশনা চাই। অনেক শিল্পোদ্যোক্তা ডিজেল ব্যবহার করে নিজ উদ্যোগে বিদ্যুৎ উৎপাদন করছেন। যেহেতু সরকার বিদ্যুৎ দিতে পারছে না, তাই অন্ততপক্ষে ডিজেলের দাম কমানো হোক।’
বিটিএমএর সাবেক সভাপতি আবদুল হাই সরকার বলেন, বিনিয়োগের জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান উদ্যোক্তারা করবেন। সরকার শুধু বিদ্যুতের নিশ্চয়তা দিক।
এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি জসীমউদ্দীন বলেন, ‘শিল্পের জন্য দরকার প্রতিযোগিতামূলক দামে নিরবচ্ছিন্ন মানসম্মত বিদ্যুৎ। কিন্তু সেটি পাচ্ছি না। এ কারণে আমরা বিনিয়োগ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছি। তাই গ্যাস-বিদ্যুতের বিষয়ে সরকারের সুস্পষ্ট সিদ্ধান্ত দরকার।’