বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে ধ্যান-ধারণার পরিবর্তন অপরিহার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগ নেটওয়ার্ক এবং বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে ধ্যান-ধারণার পরিবর্তন অপরিহার্য। দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য জোরদারের জন্য প্রক্রিয়াগত জটিলতা দূর করতে হবে। আর যোগাযোগ নেটওয়ার্ক সম্প্রসারণে ভারতের বিশেষ কোন অঞ্চলে মনোযোগ নিবদ্ধ না করে উপ-আঞ্চলিক প্রেক্ষাপটকেও বিবেচনায় নিতে হবে।

আজ রোববার রাজধানীতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে বক্তারা এ অভিমত দেন। ঢাকায় ভারতীয় হাইকমিশনের সহায়তায় ইন্দো-বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (আইবিসিসিআই) ও ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স (আইসিসি) রাজধানীর একটি হোটেলে দ্বিপক্ষীয় সহযোগিতার একটি নতুন পর্যায় ‘যোগাযোগ ও দ্বিপক্ষীয় বিনিয়োগ’ শীর্ষক দিনব্যাপী এ আলোচনার আয়োজন করে।

উদ্বোধনী অধিবেশনের পর আইবিসিসিআইয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশেষ উপদেষ্টা আবদুল মাতলুব আহমেদের সভাপতিত্বে যোগাযোগ নেটওয়ার্ক প্রতিষ্ঠা ও সীমান্ত হাটের ক্ষেত্রে সমস্যা ও সম্ভাবনা নিয়ে কর্ম অধিবেশন অনুষ্ঠিত হয়।

কর্ম অধিবেশনে আলোচনা করতে গিয়ে সীমান্ত হাট প্রসঙ্গে দৃষ্টিভঙ্গি তুলে ধরে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমানে দুইটা সীমান্ত হাট। ত্রিপুরা ও মেঘালয়ে আরও চারটি সীমান্তহাট করার প্রক্রিয়া চলছে। কিন্তু এসব করে কি লাভ হল? আমরা হিসাব করে দেখেছি এসব হাটে দুই কোটি ডলারের বাণিজ্য হয়। যা দুই দেশের মোট বাণিজ্যের ১ শতাংশের এক-তৃতীয়াংশ। একুশ শতকের সমস্যাকে আমরা ঊনিশ শতকের দৃষ্টিভঙ্গি দিয়ে সমাধানের চেষ্টা করছি।

তবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান দীপু মনি বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে দেশের একটি বড় দল ও গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, যখনই ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের জন্য কোন উদ্যোগ নিয়েছে, দেশের অন্যতম প্রধান একটি রাজনৈতিক দল ও দুঃখজনকভাবে গণমাধ্যম আমাদের সমালোচনা করেছে।

অবশ্য ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি কে সিং সিপিডির নির্বাহী পরিচালকের সঙ্গে সুর মিলিয়ে বলেন, সম্পর্ক জোরদারের জন্য দুই দেশকে ঔপনিবেশিক ধ্যান-ধারণা পাল্টাতে হবে। ব্যবসার প্রক্রিয়া সহজতর করতে হবে। একটি কাজের জন্য ২০টি দপ্তরে যাওয়া আর ২৫ টি ফাইলে সই করার প্রক্রিয়া থেকে বের হয়ে আসতে হবে। ভারতের সঙ্গে বাণিজ্য করতে হলে বাংলাদেশকে উত্তর-পূর্ব অঞ্চল দিয়েই ঢুকতে হবে। তাই ওই অঞ্চলকে ভারতের দরজা হিসেবেই দেখা উচিত।

ভারতের নবনির্বাচিত সরকার প্রতিবেশি দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেশীর উন্নতির সঙ্গে ভারতের উন্নতি জড়িয়ে আছে। আর পারস্পরিক সুফল না পেলে অগ্রযাত্রা অর্থবহ হবে না। ব্যবসা কখনও একপক্ষীয় হয়নি, দ্বিপক্ষীয় হতে হবে।

উদ্বোধনী অধিবেশনে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন বলেন, ব্যবসা ও বিনিয়োগের কি কি সম্ভাবনা আছে তা যাচাই করে দেখতে ভারতের বিভিন্ন শহরে বাংলাদেশের ব্যবসায়ীদের ঘুরে দেখা উচিত। তাঁর মতে, দুই দেশের ব্যবসায়ীরা বিনিয়োগ ও উত্পাদনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারেন।

মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সাংমা বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারের বিষয়টি শুধু অর্থনীতি ও বাণিজ্য নয়, আস্থা ও আত্মবিশ্বাসের প্রেক্ষাপট থেকে বিবেচনায় নিতে হবে। দুই প্রতিবেশির সঙ্গে সম্পর্কোন্নয়নকে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট থেকেও দেখতে হবে।

দুপুরে কর্ম অধিবেশনে তিনটি প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ সালমান জায়েদি, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যোগাযোগ বিশেষজ্ঞ নজরুল ইসলাম এবং ভারতের অভ্যন্তরীণ নৌপথ কতৃপক্ষের পরিচালক এস কে বি রেড্ডি।

অধিবেশনে আরও বক্তৃতা করেন ত্রিপুরা রাজ্যের বাণিজ্য ও শিল্প মন্ত্রী তপন চক্রবর্তী, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক ফেডারেশন (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দীন আহমেদ, আইসিসির সভাপতি রুপেন রায় ও মহাপরিচালক রাজীব সিং এবং আইবিসিসিআইয়ের সভাপতি মোহাম্মদ আলী, ত্রিপুরা রাজ্যের বাণিজ্যসচিব এম নাগারজু, মেঘালয় রাজ্যের মুখ্য সচিব পি ডব্লিউ ইংতি প্রমুখ।