
আগামী অর্থবছরের বাজেট প্রণয়নে মূল চ্যালেঞ্জ হলো বেসরকারি বিনিয়োগ চাঙা করা। বেসরকারি বিনিয়োগ চাঙা করতে অবকাঠামো ও জমির সংকট দূর করার পাশাপাশি সুশাসনও নিশ্চিত করতে হবে। বর্তমানে বেসরকারি বিনিয়োগের জন্য পর্যাপ্ত তারল্য আছে।
আবার প্রতিবছর উন্নয়ন বাজেটের মাধ্যমে বিনিয়োগের সম্পদ তৈরি করা হচ্ছে। কিন্তু এগুলোর ব্যবহার করা যাচ্ছে না।
গতকাল বৃহস্পতিবার ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) ও প্রথম আলো আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন। কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বক্তারা নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইন বাস্তবায়নের জটিলতাগুলো তুলে ধরেন। তাঁরা বলেন, সব পর্যায়ে ১৫ শতাংশ মূসক আরোপ হলে সাধারণ মানুষ চাপে পড়বে। এতে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এ ছাড়া বক্তারা ন্যায়ভিত্তিক বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন নিশ্চিত করার জন্য সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
আইসিএবির কর ও করপোরেট আইন কমিটির (টিসিএলসি) সভাপতি হুশমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। বৈঠকে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালসহ সাবেক আমলা, ব্যবসায়ী, সনদপ্রাপ্ত হিসাববিদ ও বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বেসরকারি বিনিয়োগের জন্য পর্যাপ্ত সম্পদ বা তারল্য আছে। কিন্তু সেটা ব্যবহারের চাহিদা নেই। বড় উন্নয়ন বাজেটের মাধ্যমে বেসরকারি বিনিয়োগের জন্য সম্পদ তৈরি করেও তা ব্যবহার করতে পারছি না। আগামী অর্থবছরে বেসরকারি বিনিয়োগ বাড়বে, এর কোনো সম্ভাবনা দেখছি না। কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানি প্রবৃদ্ধি অত্যন্ত কম। এর মানে হলো বেসরকারি বিনিয়োগ তেমন হচ্ছে না। বাজেটে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট হয়, এমন উদ্যোগ থাকতে হবে।
নতুন মূল্য সংযোজন কর আইনের বাস্তবায়ন প্রসঙ্গে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, যেহেতু কোনো জরিপ বা গবেষণা হয়নি, তাই হঠাৎ করে ঢালাওভাবে ১৫ শতাংশ মূসক আরোপ করা বিপজ্জনক হবে। এতে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। রেয়াতের জন্য যেসব ব্যবসায়ী হিসাব রাখবেন, তাঁদের বাড়তি সুবিধা দেওয়া যেতে পারে। আর যাঁরা হিসাব রাখতে পারবেন না, তাঁদের কম সুবিধা দেওয়া যেতে পারে। এ পার্থক্য থাকলে ভবিষ্যতে তাঁরাও হিসাবপত্র রাখবেন।
ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, সরকারি-বেসরকারি অংশীদারির ভিত্তিতে (পিপিপি) প্রতি বাজেটে বরাদ্দ রাখা হয়। বাস্তবায়ন হয় না। পিপিপি নিয়ে বিশ্বের অভিজ্ঞতা হলো এসব প্রকল্প অনেক ক্ষেত্রে ব্যর্থ হওয়ার সুযোগ থাকে। সাধারণত পিপিপির মাধ্যমে যেসব পণ্য বা সেবা সৃষ্টি করা হয়, বাজারে একই সেবা বা পণ্য থাকতে হবে। কিন্তু পিপিপির আওতায় যদি উড়ালসড়ক এমনভাবে নকশা করা হয়, যাতে সাধারণ সড়ক ব্যবহারের সুযোগ না থাকে তাহলে সাধারণ মানুষের তেমন উপকার হবে না। পিপিপি সেবা বা পণ্য যেন একচেটিয়া না হয়।
আইসিএবি সভাপতি কামরুল আবেদীন বলেন, দেশের অর্থনীতিতে যে সম্পদ তৈরি হচ্ছে তা মুষ্টিমেয় লোকের কাছে পুঞ্জীভূত হচ্ছে। এর ফলে একধরনের সামাজিক বৈষম্য তৈরি হচ্ছে। আইন করে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ বা স্পর্শকাতর পদে বিদেশি নাগরিক নিয়োগের বিধান বাতিল করার সুপারিশ করেন এ হিসাববিদ।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, সবার জন্য ন্যায়বিচার হয়, এমন বাজেট দিতে হবে। উন্নয়নের সঙ্গে সার্বিক নিরাপত্তার সংযুক্তি থাকতে হবে। সার্বিক নিরাপত্তা হলো মানসম্মত শিক্ষা পাচ্ছি কি না, যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে কি না। এ ছাড়া সুশাসন প্রতিষ্ঠায় পুলিশের দক্ষতা বৃদ্ধি করা হচ্ছে কি না, সেটাও বিবেচনায় আনতে হবে। তিনি বলেন, অপচয় বন্ধ করে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকীর মতে, মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বেসরকারি বিনিয়োগের অংশ ২২ শতাংশে থেমে আছে। এতে কর্মসংস্থান ব্যাহত হচ্ছে। তিনি মনে করেন, অবকাঠামো ও জমিসংকটের পাশাপাশি সুশাসনের সমস্যার কারণে বেসরকারি বিনিয়োগ হচ্ছে না।
ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, ব্যাংকিং খাতে এক লাখ কোটি টাকার খেলাপি ঋণ আছে, যা ভয়ংকর ব্যাপার। বেসিক ব্যাংকের ৫৫ শতাংশ খেলাপি ঋণ। এর মানে ব্যাংকটি কোনো কাজ করছে না, শুধু টাকা বিতরণ করছে।

বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক জামালউদ্দিন আহমেদ বলেন, বর্তমানে দেশের রাজস্ব আদায়ের যে ধারা তা দিয়ে দেশের উন্নয়নের জন্য প্রয়োজনীয় বড় প্রকল্প বাস্তবায়ন সম্ভব না। আবার বিদ্যুৎ, অবকাঠামোর মতো উন্নয়ন প্রকল্পগুলো শুধু ব্যাংক ঋণ দিয়ে বাস্তবায়নও কঠিন কাজ। তাই রাজস্ব আদায়ে সক্ষমতা বাড়াতে হবে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ বলেন, দেশে রাজস্ব আদায় আরও বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। সেটি করতে হলে রাজস্ব আদায়ের ক্ষেত্রে একটি বড় ধরনের ধাক্কা দিতে হবে।
ঢাকা চেম্বারের সাবেক সভাপতি হায়দার আহমেদ খান বলেন, মূসকের মতো পরোক্ষ কর বসিয়ে সাধারণ মানুষকে চাপে ফেলা হচ্ছে। যে দেশের ৫ কোটি লোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করে, সে দেশে সব পণ্যের ওপর ১৫ শতাংশ মূসক বসানো কি ঠিক হচ্ছে?
আইসিএবির সাবেক সভাপতি সাইফুল ইসলাম বলেন, মোট দেশজ উৎপাদন (জিডিপি) যতই বৃদ্ধি করা হোক, কোনো কাজে আসবে না যদি টাকা পাচার হয়। ব্যাংকিং খাতে এক লাখ কোটি টাকা খেলাপি ঋণ আছে। ব্যাংকিং খাতে অযোগ্য লোক নিয়োগ দেওয়া হচ্ছে।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি জসিমউদ্দিন বলেন, ব্যবসায়ী নেতা ও জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) কর্মকর্তাদের সমন্বয়ে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেখানে সর্বসম্মতভাবে সাতটি সিদ্ধান্ত হলেও সেগুলোকে এখনো আইনে অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে নতুন ভ্যাট আইনে ব্যবসায়ীদের মতামতের কোনো প্রতিফলন নেই।
সাবেক সচিব আবদুল করিম বলেন, নীতি বিসর্জন দিয়ে তুষ্ট করার পদোন্নতির কারণে সরকারের প্রশাসনিক ব্যয় দিন দিন অস্বাভাবিক হারে বাড়ছে। সময় এসেছে প্রশাসনিক ব্যয় পর্যালোচনার।
আইসিএবির সদস্য এ এফ নেছারউদ্দিন বলেন, অনেক সময় কর নথি যাচাই-বাছাইয়ের নামে ভালো করদাতাদেরও হয়রানি করা হয়। এতে করে বিদেশি বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হন।
আইসিএবির সহসভাপতি মাহমুদুল হাসান বলেন, কর ফাঁকি রোধ করতে হলে সরকারি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সেবা কার্যক্রমে সমন্বয় সাধন করতে হবে। তথ্যপ্রযুক্তির ব্যবহার করেই এটি করা সম্ভব।
আইসিএবির টিসিএলসির সদস্য স্নেহাশীষ বড়ুয়া বলেন, নতুন মূসক আইনটি খুবই ভালো। কিন্তু এ আইন এখনই বাস্তবায়নের জন্য বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত কি না, সেটা প্রশ্নসাপেক্ষ।
আইসিএবির কাউন্সিল সদস্য দেওয়ান নুরুল ইসলাম বলেন, ব্যাংক সুদের হার এখন যে পর্যায়ে আছে তাতে মূল্যস্ফীতি ও অগ্রিম আয়কর সমন্বয় করলে আমানতকারীর জন্য কিছু থাকে না।
নতুন মূসক আইনে নারী উদ্যোক্তাদের জন্য প্যাকেজ মূসকের ব্যবস্থা রাখার সুপারিশ করেন এফবিসিসিআইয়ের পরিচালক হাসিনা নেওয়াজ।
অনুষ্ঠানের সঞ্চালক হুরমায়ূন কবির বলেন, বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করাই বড় চ্যালেঞ্জ। বিনিয়োগ আকৃষ্ট করতে অবকাঠামো দরকার। বিনিয়োগ না হলে প্রতিবছর যে ৩০ লাখ মানুষ শ্রমবাজারে আসছে, তাদের কর্মসংস্থান হবে কীভাবে, সেই প্রশ্ন তোলেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম।