বিনিয়োগ বাড়াতে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য আগামী ২০ বছরে ‘অবিশ্বাস্য মাত্রায়’ বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাপানের উপপ্রধানমন্ত্রী কাতসুইয়া ওকাদা। একই সঙ্গে তিনি বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর জন্য গ্যাস ও বিদ্যুৎসংকট নিরসনের ওপর জোর দিয়েছেন।গতকাল শুক্রবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত এক প্রাতরাশ সভায় ওকাদা এসব কথা বলেন। বাংলাদেশ সফরকারী জাপানি উপপ্রধানমন্ত্রী ও তাঁর দলের সম্মানে এফবিসিসিআই এ সভার আয়োজন করে।সভায় কাতসুইয়া ওকাদা বলেন, বর্তমানে চীন-জাপানের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ অনেক বড় হলেও তা সাম্প্রতিক কালের ঘটনা। ১৫-২০ বছর আগেও এটি এত বড় ছিল না। তাই বাংলাদেশেরও বাণিজ্য বাড়ানোর সুযোগ রয়েছে।ওকাদা বলেন, বাংলাদেশে একাধিক জাপানি কোম্পানি বিনিয়োগ করেছে। অনেকগুলো প্রতিষ্ঠান ব্যবসাও করছে। বাংলাদেশের সম্ভাবনার ওপর তাদের আস্থা আছে। একাধিক জাপানি কোম্পানি তাঁর কাছে বাংলাদেশের গ্যাস ও বিদ্যুতের সরবরাহ-সংকটের অভিযোগ করেছে উল্লেখ করে ওকাদা বলেন, ‘আমি বিষয়টি সমাধানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলেছি।’অনুষ্ঠানে স্বাগত ভাষণে এফবিসিসিআইর সভাপতি এ কে আজাদ জাপানি উপপ্রধানমন্ত্রীকে তাঁর দেশে সব বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত বাজার সুবিধা দেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, জাপান থেকে বাংলাদেশের আমদানি ১৩০ কোটি ডলার। বিপরীতে বাংলাদেশ থেকে রপ্তানি প্রায় ৪৩ কোটি ডলার। এ কে আজাদ বলেন, সরকার জাপানি বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) সুবিধা দিতে প্রস্তুত আছে। অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী, সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, এফবিসিসিআইর জ্যেষ্ঠ সহসভাপতি মো. জসীমউদ্দিন ও সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীম, স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।