ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত হোলগার মাইকেল বলেছেন, বাংলাদেশে বিনিয়োগে জার্মানির ব্যবসায়ীদের আগ্রহ রয়েছে। এ জন্য অবকাঠামো উন্নয়ন ও দীর্ঘ মেয়াদে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিনিয়োগ পরিস্থিতি সম্পর্কে এ মন্তব্য করেন জার্মানির রাষ্ট্রদূত। জার্মানির পুনরেকত্রীকরণের ২১ বছর পূর্তি এবং ২৭-২৯ অক্টোবর ঢাকায় অনুষ্ঠেয় জার্মান বাণিজ্য মেলা উপলক্ষে জার্মান দূতাবাস ও বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিজিসিসিআই) যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। হোলগার মাইকেল বলেন, জার্মানির প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান উলফ আগামী মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে আসছেন।সংবাদ সম্মেলনে বিজিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি সারিয়া সিদ্দিক, সহসভাপতি সৈয়দ সাদাকাত হোসেন ও নির্বাহী পরিচালক ড্যানিয়েল সেইডেল বক্তব্য দেন।