বিনিয়োগ বোর্ড ও বেসরকারীকরণ কমিশন এক করতে বিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনিয়োগ বোর্ড ও বেসরকারীকরণ কমিশন একীভূত করতে জাতীয় সংসদে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিল ২০১৬ উত্থাপন করা হয়েছে।

আজ রোববার জাতীয় সংসদে বিলটি উত্থাপন করেন সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্ব পাওয়া মন্ত্রী মতিয়া চৌধুরী। পরে বিলটি ১৫ কার্য দিবসের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে মন্ত্রী বলেন, বিনিয়োগ বোর্ড ও বেসরকারীকরণ কমিশন উভয়ই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট ও বিনিয়োগ সম্পর্কিত। এ দুটি প্রতিষ্ঠানকে একীভূত করা হলে প্রশাসনিকভাবে তা সুবিধাজনক ও সাশ্রয়ী হবে।
এ ছাড়া আজ ইপিজেড শ্রমিকদের ইউনিয়ন করার অধিকার, মজুরি বোর্ড, বার্ষিক বেতন বৃদ্ধির সুবিধা দিতে ‘বাংলাদেশ ইপিজেড শ্রম বিল ২০১৬ সংসদে উত্থাপিত হয়েছে। সংসদ কাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী বিলটি উত্থাপন করেন। পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
বিলে বলা হয়েছে, ইপিজেডে অবস্থিত কোনো শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকেরা শ্রমিক কল্যাণ সমিতি করতে চাইলে প্রতিষ্ঠানের ৩০ ভাগ শ্রমিককে ইপিজেড কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। আবেদনকারীদের মধ্যে ভোটের ব্যবস্থা করা হবে এবং তাঁদের মধ্যে ৫০ ভাগ সমিতি করার পক্ষে ভোট দিলে সমিতি অনুমোদন পাবে। ইপিজেডের শ্রমিকেরা বার্ষিক ১০ শতাংশ বেতন বৃদ্ধির সুবিধা পাবেন। শ্রমিকদের অবসরের বয়স হবে ৬০ বছর।