বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দিতে বলেছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে ধসের কারণে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। গতকাল সোমবার স্বেচ্ছাসেবক দলের এক আলোচনা সভায় বিএনপির নেতারা এ আহ্বান জানান। একই সঙ্গে শেয়ার-কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তাঁরা।বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে এই আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, কয়েক দিনে শেয়ারবাজার থেকে ৮৫ হাজার কোটি টাকা লুট হয়েছে। অর্থমন্ত্রী বলেছেন তদন্ত করবেন। কিন্তু ক্ষমতায় থেকে কীভাবে তদন্ত করবেন? তিনি বলেন, ‘যেহেতু আপনারা আত্মস্বীকৃত অপরাধী, তাই সরকার পদত্যাগ না করলে তদন্তের নামে প্রহসন হবে।’এম কে আনোয়ার বলেন, শেয়ারবাজার থেকে এত হাজার কোটি টাকা কোথায় গেছে, তা খুঁজে বের করতে হবে। ৩৩ লাখ বিনিয়োগকারীকে ক্ষতিপূরণ দিতে হবে। নইলে ভবিষ্যতে জনগণ এর হিসাব চাইবে। তিনি বলেন, সরকার পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। ১৯৯৬ সালেও আওয়ামী লীগ ক্ষমতায় থাকা কালে এ ধরনের কেলেঙ্কারি ঘটেছিল। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার-সমর্থিত কিছু লোক শেয়ারবাজারের ঘটনায় জড়িত। তাই সরকার এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না।সভায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন অধ্যাপক মোস্তাফিজুর রহমান, চলচ্চিত্র ব্যক্তিত্ব চাষী নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী প্রমুখ।