বিনিয়োগকারীদের থালা হাতে বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরানোর দাবিতে বিনিয়োগকারীরা থালা হাতে বিক্ষোভ মিছিল করেছেন। আগ্রাবাদে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিইসি) কার্যালয়ের সামনের সড়কে গতকাল বৃহস্পতিবার দুপুরে এই বিক্ষোভ করা হয়।পরে বিনিয়োগকারীরা একই এলাকায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কার্যালয়ে গিয়ে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি পেশ করেন।বিনিয়োগকারীদের সূত্রে জানা যায়, পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে: বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে প্রত্যাহার, বাংলাদেশ ব্যাংক নির্দেশিত ‘সিঙ্গেল পার্টি এক্সপোজারের’ সময়সীমা চূড়ান্তভাবে প্রত্যাহার, তারল্যসংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ, চলমান মুদ্রানীতি প্রত্যাহার এবং বাংলাদেশ ব্যাংকসহ সব পক্ষের লিখিত অঙ্গীকার ও দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দুই পুঁজিবাজারের লেনদেন বন্ধ রাখা।পূর্বঘোষণা অনুয়ায়ী, বিনিয়োগকারীদের সংগঠন ইনভেস্টরস ফোরাম অব চিটাগাংয়ের ব্যানারে গতকাল চতুর্থ দিনের মতো বিক্ষোভ করা হয়। বিনিয়োগকারীরা বৃষ্টি উপেক্ষা করে থালা হাতে মিছিল করেন। পরে ফোরামের আহ্বায়ক আছলাম মোরশেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক সরোজ চৌধুরী, এম এ কাদের, চন্দন চৌধুরী, খোরশেদ আলম চৌধুরী প্রমুখ।সমাবেশে বক্তরা পুঁজিবাজারের অব্যাহত দরপতনের জন্য সরকারের ভ্রান্তনীতি, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পুঁজিবাজারবিরোধী মানসিকতা, অর্থ উপদেষ্টার ক্ষুদ্র মানসিকতা, মার্চেন্ট ব্যাংক ও ব্রোকার হাউসগুলোর অকার্যকারিতা, এসইসি, বাংলাদেশ ব্যাংক ও রাজস্ব বোর্ডের সমন্বয়হীনতাকে দায়ী করেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।