বিনিয়োগকারীদের বিক্ষোভ, সড়ক অবরোধ
চট্টগ্রামে বিনিয়োগকারীরা গতকাল বুধবার সকালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ভবনের সামনের সড়কে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ সমাবেশ করেছেন। এ সময় তাঁরা মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ৩০ মিনিট আগে চট্টগ্রাম এক্সচেঞ্জে লেনদেন শুরু করায় বিনিয়োগকারীরা সিইসির সভাপতির পদত্যাগ দাবি করেন।সরকারি কর্মকর্তাদের বিনিয়োগের ব্যাপারে মন্ত্রিসভার সিদ্ধান্ত, এনবিআরের (জাতীয় রাজস্ব বোর্ড) নতুন প্রজ্ঞাপন প্রত্যাহার এবং প্রণোদনা প্যাকেজের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে বিনিয়োগকারীদের সংগঠন ইনভেস্টরস ফোরাম অব চিটাগাং গতকাল রাস্তায় নেমে আসে। বেলা ১১টায় তারা আগ্রাবাদ স্টক এক্সচেঞ্জের সামনে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করে। এ সময় টায়ার পুড়িয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বিক্ষোভের সময় ইনভেস্টরস ফোরামের আহ্বায়ক আছলাম মোরশেদের সভাপতিত্বে সমাবেশ হয়। এতে বক্তব্য দেন ফোরামের যুগ্ম আহ্বায়ক সরোজ চৌধুরী, এম এ কাদের, খোরশেদ আলম, সুপ্রতিম বড়ুয়া, সুলতান আহমেদ প্রমুখ। তাঁরা ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রেড চালুর আধঘণ্টা আগে চট্টগ্রামে ট্রেড শুরু করায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সভাপতির পদত্যাগ দাবি করেন। কারণ, এ সময় বিনিয়োগকারীদের অনেকেই আতঙ্কে কম দামে শেয়ার বিক্রি করে দেন।