বিনিয়োগকারীদের মানববন্ধন ও কালো ব্যাজ ধারণ
পুঁজিবাজার উন্নয়নে আইসিবি, ব্যাংকারস অ্যাসোসিয়েশন, এফবিসিসিআই, জীবন বীমা করপোরেশন—কারও প্রতিশ্রুতিই বাস্তবায়িত হয়নি। আলোর মুখ দেখেনি প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজও। কবি সুনীল গঙ্গ্যোপাধ্যায়ের বিখ্যাত কবিতার পঙিক্ত ধরেই বলব, ‘কেউ কথা রাখেনি’। বিনিয়োগকারীদের আত্মহননের পথে ঠেলে দেওয়া হচ্ছে।২০১০ সালে পুঁজিবাজারে দরপতনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম নগরের আগ্রাবাদে স্টক এক্সচেঞ্জ ভবনের সামনে মানববন্ধন ও কালো ব্যাজ ধারণ করেন বিনিয়োগকারীরা। ইনভেস্টরস ফোরাম অব চিটাগাং এর আয়োজন করে। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন ইনভেস্টরস ফোরাম অব চিটাগাংয়ের আহ্বায়ক আছলাম মোরশেদ, যুগ্ম আহ্বায়ক এম এ কাদের, খোরশেদ আলম ও বিনিয়োগকারী মো. মহিউদ্দিন।সমাবেশে বক্তারা আরও বলেন, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান বলেছেন, ছয় মাসের মধ্যে পুঁজিবাজারের উন্নয়ন ঘটাবেন। কিন্তু আজও বাজারের কোনো পরিবর্তন হয়নি। এখনো দরপতন অব্যাহত রয়েছে। এ অবস্থায় দায়িত্ব পালনে ব্যর্থতার দায় স্বীকার করে এসইসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের পদত্যাগ করতে হবে। বক্তারা প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে প্রতিবন্ধকতার বিষয়ে তদন্ত দাবি করেন। পাশাপাশি কয়েক দিন ধরে কারিগরি ত্রুটির অজুহাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন বন্ধ রাখার বিষয়টির পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি না, খতিয়ে দেখার আহ্বান জানান তাঁরা।