বিশ্বায়নের এই যুগে ব্যবসায়ী সমাজকে প্রতিনিয়ত বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। এই পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে বিদ্যমান কোম্পানি আইন সংশোধন করে বিনিয়োগবান্ধব নতুন ও যুগোপযোগী আইন প্রণয়ন প্রয়োজন।‘ড্রাফটিং অ্যা নিউ কোম্পানিজ অ্যাক্ট ফর বাংলাদেশ’ শীর্ষক পরামর্শক সভায় বক্তারা এসব কথা বলেন। গতকাল শনিবার সকালে চট্টগ্রামের একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফান্ড ফর ক্লাইমেট যৌথভাবে এর আয়োজন করে।এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম, জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম, মো. নুরুন নেওয়াজ , পরিচালক এম এ ছালাম, মাজহারুল ইসলাম চৌধুরী, মাহফুজুল হক শাহ, ছৈয়দ ছগীর আহমদ, মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, শফি চৌধুরী, আইএফসির বিশেষজ্ঞ রিচার্ড জি শ, ঊর্ধ্বতন কর্মকর্তা জিসা সারোয়ার প্রমুখ। অনুষ্ঠানে মুখ্য সঞ্চালকের দায়িত্ব পালন করেন ব্যারিস্টার তানজিব-উল আলম।সভায় কোম্পানি আইনের খসড়ায় অবজেক্ট ক্লজ বাতিল, ছোট ছোট প্রাইভেট কোম্পানির এজিএম বাতিল, শেয়ার ক্যাপিটাল হ্রাস করার ক্ষেত্রে কোর্টের সম্মতি বাতিল, কোম্পানির পরিচালকদের দায়িত্ব ও কর্তব্য, সংখ্যালঘু শেয়ারহোল্ডারদের অধিকার সংরক্ষণসহ ২২টি সুপারিশমালা অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়।