সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আন্তবাণিজ্য ও বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির ওপর জোর দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ। এ অঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সংস্থাটির সদস্য দেশগুলোর মধ্যে এ ধরনের পরিবেশ সৃষ্টির ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। গত রোববার ভারতের নয়াদিল্লিতে সার্ক দেশগুলোর সংসদের স্পিকার ও সাংসদদের পঞ্চম সম্মেলনে এসব কথা বলেন স্পিকার আবদুল হামিদ। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং গত শনিবার সম্মেলনের উদ্বোধন করেন।সার্ক দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়ে স্পিকার বলেন, বিশ্বের মোট জনসংখ্যার এক-পঞ্চমাংশের বাস দক্ষিণ এশিয়ায়। এসব মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতেই সার্ক গঠন করা হয়েছে। এ লক্ষ্যে এরই মধ্যে মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠা, সন্ত্রাস দমনে সার্ক কনভেনশন গঠন, ট্রানজিট সম্প্রসারণ ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জনে সার্ক দেশগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে মত প্রকাশ করেন আবদুল হামিদ। তা ছাড়া জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার সমাধানে ‘ঢাকা ঘোষণা’ ও অষ্টম সার্ক পরিবেশমন্ত্রীদের বৈঠক ও ১৬তম সার্ক শীর্ষ সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নেরও আহ্বান জানান তিনি।স্পিকারের নেতৃত্বে আট সদস্যের একটি সংসদীয় দল সম্মেলনে অংশ নিয়েছে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, সাংসদ শেখ ফজলুল করিম সেলিম, আনিসুল ইসলাম মাহমুদ, এ কে এম রহমতুল্লাহ, সংসদ সচিব আশফাক হামিদ, যুগ্ম সচিব সম্পদ বড়ুয়া, সার্জেন্ট-অ্যাট-আর্মস এ কে এম ফারুক হাসান। বিজ্ঞপ্তি।