বিনিয়োগবিরোধী, অযৌক্তিক ও গণবিরোধী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তকে অযৌক্তিক বলে অভিহিত করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ম. তামিম। গ্রাহকস্বার্থ সংরক্ষণে কর্মরত কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম এই সিদ্ধান্তকে বলেছেন গণবিরোধী। আর অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের মতে, সরকারের এ সিদ্ধান্ত বিনিয়োগবিরোধী।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গতকাল বৃহস্পতিবার বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেয়। এ সম্পর্কে জানতে চাইলে তিন বিশেষজ্ঞ প্রথম আলোর কাছে এই অভিমত দেন।
প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম প্রকৌশল বিভাগের অধ্যাপক ম. তামিম বিদ্যুতের মূল্যবৃদ্ধিকে অযৌক্তিক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, মাত্র ছয়-সাতটি কোম্পানি ৭৫০ মেগাওয়াট বিদ্যুতের জন্য কম দামে তেল ব্যবহার করায় বিদ্যুতের গড় উৎপাদনমূল্য সাড়ে ছয় টাকা থেকে কমে ছয় টাকার কাছে চলে এসেছে। দেশে সব মিলিয়ে তেলচালিত কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে প্রায় আড়াই হাজার মেগাওয়াট। এর সবটার জন্যই তেলের দাম বাজার অনুযায়ী নির্ধারণ করা হলে বিদ্যুতের গড় উৎপাদন মূল্য সাড়ে পাঁচ টাকার কাছাকাছি চলে আসত। ফলে বিদ্যুতের দাম বাড়ানোর দরকার ছিল না। এর সুবিধা পেত দেশের সব মানুষ।
এই মূল্যবৃদ্ধির প্রস্তাবের ওপর বিইআরসি যে গণশুনানির আয়োজন করেছিল, তাতে দাম বাড়ানোর পক্ষে কোনো যুক্তি খুঁজে পাওয়া যায়নি বলে মন্তব্য করেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা শামসুল আলম। তিনি বলেন, গত ফেব্রুয়ারি মাসে ওই শুনানির পর জ্বালানি তেলের দাম অনেক কমেছে। আগামী বছর দুয়েক এই মূল্য খুব বৃদ্ধিরও সম্ভাবনা নেই। এই অবস্থায় বিদ্যুতের দাম বাড়ানোর যে সিদ্ধান্ত নেওয়া হলো, এর চেয়ে গণবিরোধী সিদ্ধান্ত আর কিছু হতে পারে না।
শামসুল আলম বলেন, বিইআরসি মুখে গ্রাহকস্বার্থ রক্ষার কথা বলে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত বলে তার উল্টো কথা।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বর্তমান বিনিয়োগ পরিস্থিতি ভালো নয়। রপ্তানি আয়েও মন্দা চলছে। এ সময় বিদ্যুতের মূল্যবৃদ্ধি অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে। এই মূল্যবৃদ্ধি সরকারের রাজস্ব আয় বাড়াবে। কিন্তু বিনিয়োগ নিরুৎসাহিত হবে। তা ছাড়া বেসরকারি খাত প্রতিযোগিতায় নামতে অসুবিধা বোধ করবে। তাঁর মত, সরকার বরং জ্বালানি তেলের দাম কমিয়ে এবং বিদ্যুতের দাম না বাড়িয়ে বেসরকারি খাতকে বিনিয়োগে উৎসাহিত করতে পারত।

দেবপ্রিয় বলেন, সরকারের একটি নীতিগত সিদ্ধান্ত নেওয়া জরুরি হয়ে পড়েছে, তা হলো জ্বালানি তেলের দামের ক্ষেত্রে সরকার কি বিদ্যমান ব্যবস্থায়ই থাকবে, নাকি বাজারব্যবস্থায় যাবে। জ্বালানি খাতে শৃঙ্খলার জন্য এটা অপরিহার্য।

প্রতিবাদ: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ ও মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু যৌথ বিবৃতিতে বলেন, ‘যেখানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে, সেখানে উল্টো গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে জনস্বার্থবিরোধী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’

জামায়াতের বিবৃতিতে গ্যাস এবং বিদ্যুতের দাম বৃদ্ধির অন্যায় ও অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানানো হয়।

সিপিবির ভারপ্রাপ্ত সভাপতি হায়দার আকবর খান রনো ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ গতকাল এক বিবৃতিতে বলেন, এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিবি-বাসদ আজ শুক্রবার ঢাকায় ও কাল শনিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।

ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো গতকাল এক বিবৃতিতে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে বলেছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমার পরিপ্রেক্ষিতে জনগণ দেশেও যখন দাম কমার আশা করছিল, তখনই তার উল্টো ঘটনা ঘটানো হলো। ওয়ার্কার্স পার্টি অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানায়। একই সঙ্গে বিশ্ববাজারের সঙ্গে সংগতি রেখে দেশে জ্বালানি তেলের দাম নির্ধারণের দাবি জানায়।

নাগরিক ঐক্যও গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে।