বিনিয়োগের জন্য এ দেশ আদর্শ ক্ষেত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবায়নযোগ্য শক্তি উৎপাদনে বিনিয়োগের জন্য বাংলাদেশ আদর্শ ক্ষেত্র হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। তিনি বলেন, এ দেশে জমির পরিমাণ কম হলেও খাল-বিল ও বাড়ির ছাদের ওপর প্ল্যান্ট বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করে বিদ্যুতের ঘাটতি পূরণ করা সম্ভব।
গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সেমিনারে তৌফিক-ই-ইলাহী এসব কথা বলেন। ‘বাংলাদেশে সৌরপার্কের রোডম্যাপ’ শীর্ষক দিনব্যাপী সেমিনারটির আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় শক্তি ইনস্টিটিউট এবং চীনের সোলারল্যান্ড, হুয়াই।
সেমিনারে জ্বালানি উপদেষ্টা বলেন, নবায়ণযোগ্য শক্তি ও সৌরশক্তির উৎপাদন, উন্নয়ন ও সম্প্রসারণে বর্তমান সরকার ব্যাপক কর্মকাণ্ড পরিচালনা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ নেতৃত্বে বিদ্যুৎ খাতের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। সৌরশক্তি উৎপাদনের বিনিয়োগের জন্য সরকার বিভিন্ন ধরনের প্রণোদনা দিচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, দেশের সীমারেখা থাকে কিন্তু জ্ঞান-বিজ্ঞানের কোনো সীমারেখা নেই। বাংলাদেশের সঙ্গে চীনের দীর্ঘদিনের মধুর সম্পর্ক রয়েছে। জ্ঞান-বিজ্ঞানের সীমারেখা অতিক্রম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করায় সোলারল্যান্ড, হুয়াই কর্তৃপক্ষকে উপাচার্য ধন্যবাদ জানান। নবায়ণযোগ্য শক্তির বিষয়ে দক্ষ জনবল তৈরির ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় শক্তি ইনস্টিটিউট দায়িত্বশীল ভূমিকা পালন করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মূল প্রবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় শক্তি ইনস্টিটিউটের পরিচালক সাইফুল হক বলেন, ‘আমাদের দেশে বিদ্যুতের চাহিদা বেশি কিন্তু সরবরাহ কম। এই ঘাটতি পূরণে সৌরশক্তি ব্যবহারের বিকল্প নেই। আমাদের জমির পরিমাণ খুবই সীমিত। কিন্তু গবেষণায় দেখা গেছে, বাসাবাড়ির ছাদ ও অব্যবহৃত জমি ব্যবহার করে ৬ গিগাবাইট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।’
এ সময় জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম, শামসুল হক, চীনের সোলারল্যান্ড, হুয়াইর মার্টিন ই, থাম চি অন প্রমুখ বক্তব্য দেন।