বিনিয়োগের জন্য চট্টগ্রাম উপযুক্ত স্থান হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের শ্রমবাজার অত্যধিক ব্যয়বহুল হয়ে ওঠায় সিঙ্গাপুরের ব্যবসায়ীদের জন্য চট্টগ্রাম বিনিয়োগের উপযুক্ত স্থান হতে পারে। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম চেম্বারের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের হাইকমিশনার চ্যান হেং উয়িং এ অভিমত ব্যক্ত করেছেন। হাইকমিশনার চ্যান হেং বলেন, চীনের শ্রমবাজার অত্যধিক ব্যয়বহুল হয়ে ওঠায় বর্তমানে সিঙ্গাপুরের ব্যবসায়ীরা তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান স্থাপন করার জন্য বিনিয়োগের নতুন স্থান খুঁজছেন এবং বিনিয়োগ-পরিবেশ পরিদর্শন ও যাচাই করার লক্ষ্যেই তাঁর এই চট্টগ্রাম সফর। নতুন বিনিয়োগ বৃদ্ধি ও আকর্ষণের ক্ষেত্রে তিনি অভ্যন্তরীণ অবকাঠামো, সাপ্লাই চেইন ও দক্ষ জনশক্তি তৈরির ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চিটাগাং চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম, সাবেক সভাপতি ও সাংসদ এম এ লতিফ, সিনিয়র সহসভাপতি মাহবুবুল আলম, চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ ও মোহাম্মদ শাহিন আলম, সিঙ্গাপুরের কনসাল ড্যারিল ল এবং ওরিয়েন্ট কন্টেইনার লাইন বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডেরেক চুয়া।