বিনে মাইনেয় পড়ান তাঁরা বছরের পর বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনে মাইনেয় শিক্ষকতা। তাও আবার ২৩ বছর! হ্যাঁ, ঝিনাইদহের মহেশপুরের বেলাল হোসেন ও আনোয়ার হোসেন বেতন ছাড়াই প্রায় দুই যুগ একটি মাদ্রাসায় পড়িয়েছেন। তাঁরা অবসরে গেছেন পাঁচ বছর আগে। তাঁদের দুজনের দুই ছেলে হাল ধরেছেন প্রতিষ্ঠানটির। কিন্তু তাঁদের ভাগ্যেও শিকে ছেঁড়েনি। তাঁরাও আজ পর্যন্ত বেতন পাচ্ছে না। কারণ, মাদ্রাসাটি এখনো এমপিওভুক্ত হয়নি। এই চিত্র মহেশপুর উপজেলার তালসার দাখিল মাদ্রাসার। মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম আজাদ বলেন, উপজেলায় এ ধরনের কোনো শিক্ষাপ্রতিষ্ঠান আছে বলে তা তাঁর জানা ছিল না। এ ব্যাপারে তিনি সার্বিক পদক্ষেপ নেবেন।জানা যায়, তালসার গ্রামের সমাজসেবক আবদুস সামাদ মুন্সি তালসার বাজারে ১৭৭৪ সালে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। শুরুতে মাদ্রাসাটিতে শুধু আরবি শিক্ষা দেওয়া হতো। তখন শিক্ষক ছিলেন তিনজন। অল্প দিনে মাদ্রাসাটি এলাকায় বেশ পরিচিতি পায়। শিক্ষার্থীর সংখ্যাও বাড়তে থাকে। ১৯৮৪ সালে এটিকে এবতেদায়ি মাদ্রাসায় রূপান্তরিত করা হয়। ওই বছর এখানে শিক্ষক হিসেবে যোগ দেন বেলাল ও আনোয়ার। বেতন ছাড়াই নিরলসভাবে এলাকার ছেলেপুলেদের পড়ান। এটিকে দাখিল মাদ্রাসায় উন্নীত করা হয় ১৯৯২ সালে। ওই দুই শিক্ষক অবসরে যান ২০০৬ সালে। মাদ্রাসার সুপার মো. নাজমুল হুসাইন জানান, বর্তমানে তাঁদের প্রতিষ্ঠানে ১১ জন শিক্ষক ও দুজন কর্মচারী রয়েছেন। শিক্ষার্থী আছে তিন শতাধিক। পড়ালেখার মানও ভালো। ২০০৯ সালে দাখিল পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাস করে। কিন্তু এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। বেলাল ও আনোয়ারের বাড়ি তালসার গ্রামে। বেলাল হোসেন প্রথম আলোকে বলেন, এইচএসসি পাস করার পর তিনি শিক্ষক হিসেবে তালসার মাদ্রাসায় যোগ দেন। কিন্তু কখনো বেতন পাননি। মাদ্রাসার নিজস্ব আয় থেকে পরিচালনা কমিটি কোনো মাসে ২০০, আবার কখনো ৩০০ টাকা দিয়েছে। আনোয়ার হোসেন জানান, তাঁদের সঙ্গে আবদুল মালেক ও তাজুল ইসলাম নামের দুই শিক্ষকও বিনা বেতনে এই প্রতিষ্ঠানে পড়িয়েছেন। বেলাল ও আনোয়ারের নিরলস শিক্ষাসেবার প্রতি শ্রদ্ধা দেখিয়ে মাদ্রাসা পরিচালনা কমিটি বেলালের ছেলে আশরাফুজ্জামানকে ২০০৬ সালে শিক্ষক হিসেবে নিয়োগ দেয়। আশরাফুজ্জামান স্নাতক পাস। আর আনোয়ার হোসেনের ছেলে জিয়াউর রহমানকে নিয়োগ দেওয়া হয় এমএলএসএস পদে। আশরাফুজ্জামান বলেন, ‘বাবার মতো কি আমার জীবনটাও এভাবে কেটে যাবে? কারণ, শিক্ষক হিসেবে ইতিমধ্যে পাঁচ বছর পার করে ফেলেছি। এখন আর কোনো ভরসা পাচ্ছি না।’ জিয়াউর রহমান জানান, কষ্ট হলেও বাবা মাদ্রাসাটি চালু রাখতে বেতন ছাড়াই পড়িয়েছেন। এখন তাঁরা হাল ধরেছেন। তাঁদের কষ্টের কথা বিবেচনায় নিয়ে সরকার কিছু একটা করবে বলে আশায় আছেন। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি গোলাম নুহু বিশ্বাস জানান, মাদ্রাসাটি এমপিওভুক্তির জন্য তাঁরা নানাভাবে চেষ্টা করছেন। কিন্তু আজ পর্যন্ত কোনো ফল পাননি। মহেশপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তি সম্পূর্ণ সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।