বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ঢল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের দিন থেকে গতকাল সোমবার বিকেল পর্যন্ত বগুড়া শহরের বিনোদন পার্ক থেকে শুরু করে মহাস্থানগড়-বেহুলার বাসরঘর কিংবা প্রেম-যমুনার ঘাটসহ দর্শনীয় সব পর্যটনকেন্দ্রেই দর্শনার্থীদের ঢল নেমেছিল। শহর থেকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে পড়ে ঈদ আনন্দ।
মহাস্থানগড়: ঈদের দিন থেকেই দর্শনার্থীর ঢল নামে মহাস্থানগড় পর্যটনকেন্দ্রে। সোমবার মহাস্থানগড়ে দর্শনার্থীর এ ঢল অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায়। সকাল থেকে বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার, অটোরিকশা, মোটরসাইকেলে চেপে দর্শনার্থীরা আসতে শুরু করেন। দিনভর দর্শনার্থীর পদচারণে মুখর ছিল মহাস্থানগড়ের প্রত্নতত্ত্ব জাদুঘর, গোবিন্দভিটা ও গোকুল মেড় (বেহুলা-লখিন্দরের বাসরঘর)। স্থানীয় লোকজন জানান, মহাস্থানগড়ে দর্শনার্থীদের এ ঢল ঈদের দিন থেকেই।
গতকাল সোমবার মহাস্থানগড়, জাদুঘর, গোবিন্দভিটা, গোকুল মেড় ঘুরে দেখা গেছে, ঈদ আনন্দ ফুরিয়ে এলেও এই তিনটি পর্যটনকেন্দ্রে আনন্দে ভাসছেন পর্যটকেরা। পর্যটকেরা ভিড় করেছেন প্রত্নতাত্ত্বিক স্থান ভাসুবিহারেও।
মহাস্থানগড়ে গোটা পরিবার নিয়ে ঘুরতে এসেছেন, বগুড়া শহরের সূত্রাপুরের চাকরিজীবী আবদুস সালাম। তিনি বলেন, ‘চাকরির সুবাদে পরিবারসহ ঢাকায় থাকি। ঈদ কাটাতে বগুড়ায় এসেছি। পরিবারের সবার আবদার মেটাতেই মহাস্থানগড়ে ঘুরতে এসেছি। এখানে ঘুরতে এসে অন্য রকম অনুভূতি হচ্ছে।’ সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে মামার সঙ্গে মহাস্থান ঘুরতে এসেছেন ঢাকার বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সোহানা মৌ। তিনি বলেন, মহাস্থানগড় আগেও এসেছি, কিন্তু ঈদে অভূতপূর্ব এক দৃশ্য এখানে। সত্যিই এ এক অন্য রকম মিলনমেলা।’
মহাস্থানগড়ের কাস্টডিয়ান মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ঈদের দিন থেকেই মহাস্থানগড়ের প্রত্ন নিদর্শন দেখতে দর্শনার্থীর ঢল নেমেছে। রোববার এক দিনেই মহাস্থান জাদুঘর, গোকুল মেড় ও গোবিন্দভিটায় প্রবেশ টিকিট বিক্রি করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দর্শনীয় ফি আদায় হয়েছে ১ লাখ ২৩ হাজার টাকা। অন্য স্বাভাবিক দিনে প্রবেশ টিকিট বিক্রি থেকে আয় হতো ১০ হাজার টাকারও কম।’ তিনি বলেন, সোমবার মহাস্থানগড় পর্যটনকেন্দ্রে আধা বেলা ছুটি হওয়ায় বেলা আড়াইটার পর থেকে এখানে দর্শনার্থীর ঢল নেমেছে। এ ঢল শনিবার পর্যন্ত অব্যাহত থাকবে।
বিনোদন পার্ক: ঈদের দিন থেকেই বগুড়া শহরের পৌর পার্কে (এডওয়ার্ড পার্ক) দর্শনার্থীর ঢল নামে। দর্শনার্থীর ভিড়ে সরগরম ছিল বেসরকারি আরও দুটি বিনোদন পার্ক মোহাম্মদ আলী প্যালেস মিউজিয়াম ও অ্যামিউজমেন্ট পার্ক ও ওয়ান্ডারল্যান্ডে। পৌর পার্কে শিশু-কিশোরের মিলনমেলা জমলেও অন্য দুটি পার্কে ভিড় দেখা গেছে তরুণ-তরুণী থেকে শুরু করে সব বয়সী মানুষের। তবে বেসরকারি দুটি পার্কের কৃত্রিম ট্রেন কিংবা দোলনা-চরকির মতো রাইডে হুমড়ি খেয়ে পড়েছিল শিশুরা। মা-বাবার হাত ধরে বিনোদন পার্কে বেড়াতে আসা এসব শিশুর মধ্যে ছিল ঈদের উচ্ছ্বাস-আনন্দ। প্যালেস মিউজিয়ামে শিশুদের নিয়ে ঘুরতে আসা জ্বলেশ্বরীতলার সুপর্ণা এ্যানি বলেন, ‘ঈদে নতুন জামার সঙ্গে বাচ্চাদের বায়না ছিল পার্কে ঘুরতে নিয়ে আসার। সোনামণিদের বায়না পূরণ করতেই ওদের নিয়ে এখানে ঘুরছি। সব রাইডে চড়ছি। সঙ্গে ওদের বাবাও এসেছেন।’
প্রেম-যমুনা ঘাট: পর্যটনকেন্দ্র ও বিনোদন পার্ক ছাপিয়ে ঈদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে যমুনা নদীর দীঘলকান্দি হার্ডপয়েন্ট সারিয়াকান্দির প্রেম-যমুনা ঘাটেও। ঈদের দিন বিকেল থেকে প্রেম-যমুনা ঘাট এলাকা পর্যটকদের পদচারণে মুখরিত হয়ে ওঠে। তবে এখানে শিশু-কিশোরদের চেয়ে তরুণ-তরুণীদের ভিড় ছিল বেশি। উত্তাল যমুনার জলকেলি দেখে মুগ্ধতায় মগ্ন হয়ে যান এখানে আসা দর্শনার্থীরা। শহরের কোলাহল থেকে বেশ দূরে যমুনার পাড়ে এসে ঈদের আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন অনেকেই।