বিনোদনকেন্দ্রগুলো দর্শনার্থীতে ঠাসা
ঈদে নারী, পুরুষ, শিশু—সব বয়সী দর্শনার্থীর পদচারণে মুখরিত হয়ে উঠেছিল রংপুর নগরের বিনোদনকেন্দ্রগুলো। সেই আনন্দের ফোয়ারা এখনো চলছে।
শুধু নগরবাসী নয়, দূর-দূরান্তের গ্রামের লোকজনও চাঁদা দিয়ে মিনিবাসে করে এসব বিনোদনকেন্দ্রে ছুটে আসে। রংপুরে বৃষ্টি না হওয়ায় সবাই ছিল স্বস্তিতে। সকাল-সন্ধ্যা সব সময় বিনোদনকেন্দ্রগুলো ছিল দর্শনার্থীতে ঠাসা।
সবাই ছুটে চলেছে নগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। ঘাঘট নদের পাশে ‘প্রয়াস’ বিনোদন পার্ক, তাজহাট জমিদারবাড়ি, চিড়িয়াখানা, সুরভি উদ্যান, চিকলি পার্ক ও শিরিন পার্ক—সর্বত্র মানুষ আর মানুষ। ঈদ উপলক্ষে বিনোদনকেন্দ্রগুলোও সেজেছে নতুন রূপে।
রোববার নগরের নিসবেতগঞ্জ এলাকায় ঘাঘট নদের পাশে প্রয়াস সেনা পার্কে ছিল উপচে পড়া ভিড়। সেখানে অনেকে মিনিবাসে করে গ্রাম থেকে এসেছে। তাদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, তারা কাউনিয়া উপজেলার টেপামধুপুর গ্রামের। কয়েকটি পরিবার মিলে চাঁদা দিয়ে একটি মিনিবাস ভাড়া করে রংপুর নগরে এসেছে। তাদের দলপ্রধান এবাদত মিয়া বলেন, ‘একা পরিবার নিয়ে ঘুরে বেড়ানোর চেয়ে এভাবে বেড়ালে খরচ কম পড়ে। আনন্দও হয় বেশি।’
নগরের চিড়িয়াখানায় কথা হয় নুরুন্নাহার-আবুল কাশেম দম্পতির সঙ্গে। তাঁরা তাঁদের শিশুসন্তানকে নিয়ে বেড়াতে এসেছেন। জানালেন, তাঁরা ঢাকায় থাকেন। খোলামেলা পরিবেশে বেড়াতে এসে তাঁদের ভালোই লাগছে।
গতকাল সোমবার তাজহাটে জমিদারবাড়িতে গিয়ে দেখা যায়, সেখানে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড়। মাহিগঞ্জ এলাকার ষাটোর্ধ্ব আলাউল করিম বলেন, ‘বাড়ির বন্দিজীবন ছেড়ে নাতি-নাতনিদের নিয়ে এখানে ঘুরতে এসেছি।’
দর্শনার্থীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে বিনোদনকেন্দ্রগুলোতে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে। গতকাল পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
রংপুর জেলা পুলিশ সুপার আবদুর রাজ্জাক বলেন, ঈদের আগের দিন থেকে সব বিনোদনকেন্দ্রে পুলিশের টহল জোরদার রয়েছে।