বিনোদনকেন্দ্রগুলোতে মানুষের ব্যাপক ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া শহরের সাতমাথা এলাকায় ঈদ মেলায় দর্শনার্থীদের ভিড়। গত মঙ্গলবার তোলা ছবি l প্রথম আলো
বগুড়া শহরের সাতমাথা এলাকায় ঈদ মেলায় দর্শনার্থীদের ভিড়। গত মঙ্গলবার তোলা ছবি l প্রথম আলো

বগুড়ার বিনোদনকেন্দ্র পর্যটন স্থানে ঈদুল আজহার ছুটিতে প্রচুর লোকসমাগম ঘটে। বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে নানা বয়সের মানুষ।
শহরের প্যালেস মিউজিয়াম, ওয়ান্ডারল্যান্ড, মহাস্থানগড়, বেহুলার বাসরঘর (গোকুল মেথ), ভাসুবিহার, সারিয়াকান্দির যমুনা নদীর গ্রোয়েন, প্রেমযমুনা ঘাট সব খানেই ঈদের দিন বিকেল থেকে গতকাল বুধবার পর্যন্ত ছিল উপচে পড়া ভিড়। ঈদের দ্বিতীয় দিন গত মঙ্গলবার শহরের সাতমাথা ও অ্যাডওয়ার্ড পৌর পার্কে জমে উঠেছিল ঈদ শিশুমেলা। এদিন শহরের নওয়াব বাড়ি প্যালেস মিউজিয়াম ও অ্যামিউজমেন্ট পার্ক এবং ওয়ান্ডারল্যান্ড পার্কে ছিল শিশু-কিশোরদের অনেক ভিড়। মা-বাবার হাত ধরে এসব পার্কে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছিল শিশুরা। মঙ্গলবার প্রিয়জনকে সঙ্গে নিয়ে মহাস্থানগড়, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের জাদুঘর, বেহুলার বাসরঘরে দিনভর আনন্দঘন মুহূর্ত কাটান নানা বয়সী মানুষ।
মা-বাবার সঙ্গে বগুড়ার উপশহর থেকে বেড়াতে এসেছিল মৌটুসী। মৌটুসী বলে, ‘আব্বু-আম্মুর হাত ধরে ঘুরছি, ফুচকা-চটপটি খাচ্ছি খুব মজা হচ্ছে।’ ওই দিন বিকেলে শহরের ওয়ান্ডারল্যান্ড ও প্যালেস মিউজিয়ামে ছিল অন্য রকম ভিড়। ওয়ান্ডারল্যান্ডে মায়ের সঙ্গে এসেছিল জলেশ্বরীতলার পুষ্পিতা। পুষ্পিতা বলে, ‘খুব মজা হচ্ছে, সব রাইডে চড়ছি।’ শহরের অ্যাডওয়াড পার্কে বাবার সঙ্গে এসেছিল তিন বছরের সাফায়েত। সাফায়েত বলে, সন্ধ্যায় আব্বু-আম্মুর সঙ্গে শহর ঘুরেছি, এখন বেলুন কিনতে পার্কে এসেছি।’ সন্ধ্যায় শহরের সাতমাথার ঈদের মেলায় মায়ের সঙ্গে খেলনা কিনতে এসেছিল চার বছরের নিশুতি। নিশুতি বলে, ‘খুব মজা করছি, ইচ্ছেমতো খেলনা কিনছি।’
ঈদের দিন বিকেল থেকেই সারিয়াকান্দিতে যমুনা নদীর গ্রোয়েন বাঁধ ও প্রেমযমুনা ঘাটে অনেক মানুষ ভিড় করে। বগুড়া শহরের মালতীনগর থেকে এসেছিলেন ঢাকার বেসরকারি কলেজের ছাত্রী সানজানা রায়হান। তিনি বলেন, ‘চাচাতো-মামাতো—সব কাজিন মিলে শহরের কোলাহল ছেড়ে নদীর তীরে ঘুরতে এসেছি।’