বিনোদনকেন্দ্রে ঈদ আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চিড়িয়াখানার বাঘের খাঁচার সামনে দর্শনার্থীদের ভিড়। ছবি তোলায় ব্যস্ত সবাই। কেউ কেউ সেলফি তুলে সেখানেই ফেসবুকে আপলোড করছে। কিছুক্ষণ পর পর খুনসুটিতে মাতছে বাঘ দুটিও। সেটা বেশ উপভোগ করছে দর্শনার্থীরা। এ চিত্র ঈদের পরদিন বিকেলের।

শুধু বাঘের খাঁচা নয়, ঈদের ছুটিতে দুই দিন ফয়’স লেক এলাকার চিড়িয়াখানা দর্শনার্থীদের পদচারণে মুখর ছিল। চিড়িয়াখানায় ঈদের দিন (সোমবার) ১৫ হাজার ৬০০ দর্শনার্থী আসে। এর পরদিন মঙ্গলবার সর্বোচ্চ ২০ হাজার ২০০ দর্শনার্থী চিড়িয়াখানায় ঘুরে বেড়ায়। দর্শনার্থীদের দলে ছিল ছেলে-বুড়ো সবাই।

মঙ্গলবার চিড়িয়াখানায় কথা হয় আগ্রাবাদের বাসিন্দা ব্যবসায়ী সামশুল ইসলামের সঙ্গে। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে এসেছেন তিনি। প্রথম আলোকে বলেন, ‘ছেলেমেয়েদের আবদার পূরণ করতে আসা। চিড়িয়াখানা থেকে ফয়’স লেক পার্কে ঢুকব।’

চিড়িয়াখানার চিকিৎসক শাহদাত হোসেন বলেন, ঈদের দিন থেকে চিড়িয়াখানায় লোকজন বেশি আসছে। আগামী কয়েক দিনও এই ভিড় থাকবে। চিড়িয়াখানায় বর্তমানে ৪৭ প্রজাতির পশুপাখি রয়েছে বলে তিনি জানান।

নগরের অন্য বিনোদনকেন্দ্রগুলোতেও ছিল ভিড়। পতেঙ্গা সমুদ্রসৈকত, ফয়’স লেকের কনকর্ড অ্যামিউজমেন্ট পার্ক, চান্দগাঁও স্বাধীনতা পার্কসহ বিভিন্ন স্থান। বন্ধুবান্ধব পরিবার-পরিজন নিয়ে সবাই ছুটে গেছে এক বিনোদনকেন্দ্র থেকে অন্যটিতে।

ফয়’স লেক কনকর্ড অ্যামিউজমেন্ট পার্কে ঈদের দিন বিকেল থেকে লোকজনের ভিড় বাড়তে থাকে। ঈদের দিন আড়াই হাজার এবং পরদিন মঙ্গলবার প্রায় সাড়ে ছয় হাজার দর্শনার্থী পার্ক ভ্রমণ করে বলে জানান পার্কের বিপণন বিভাগের উপব্যবস্থাপক বিশ্বজিৎ ঘোষ।

মঙ্গলবার বিকেলে পার্কে গিয়ে, বিভিন্ন রাইডে শিশু-কিশোরদের পাশাপাশি বড়দেরও চড়তে দেখা যায়। অনেকে ঘুরে বেড়াচ্ছে হ্রদে নৌকা নিয়ে। আবার ফয়’স লেক ওয়াটার ওয়ার্ল্ডে জলকেলিতে মেতে ওঠে অনেক দর্শনার্থী। বিকেলেও পানিতে গা ভাসিয়ে কাটিয়েছে তারা।

কথা হয় নগরের পাহাড়তলী এলাকার বাসিন্দা সরোয়ার হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘স্ত্রী ও ছেলেমেয়েদের নিয়ে পার্কে এলাম। সবাই খুব আনন্দ করছে।’

এদিকে পতেঙ্গা সমুদ্রসৈকতে সোমবার বিকেল থেকে দর্শনার্থীরা ছুটতে শুরু করে। মঙ্গলবার ছিল সৈকতে সবচেয়ে বেশি ভিড়। এবার সৈকতে আয়োজন করা করা হয় ‘ডেঞ্জার রেস’ নামের শারীরিক কসরতের প্রদর্শনী। ঘেরাও দেওয়া কাঠের দেয়ালে মোটরসাইকেল ও কার চালিয়ে এক যুবক দেখান সেই কসরত। দর্শনার্থীরা টিকিট কেটে এই কসরত দেখে। কসরতের পাশাপাশি ছিল নাগরদোলাও। এ ছাড়া সৈকতেও ছিল উপচে পড়া ভিড়। মূল সৈকতের বাইরে বিকেলে নেভাল পয়েন্টেও মানুষের ভিড় দেখা যায়।