বিনোদনের জায়গা পেয়ে আনন্দে ভাসছে শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও শহরে পরিবারের সদস্যদের নিয়ে বেড়ানোর জায়গা নেই বললেই চলে। এখানে একটি শিশুপার্কের দাবি অনেক দিনের। এ দাবি পূরণ না হলেও শহর থেকে ১০ কিলোমিটার দূরে কুমিল্লাহাড়ী এলাকার বলাকা উদ্যানেই এবার ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের সঙ্গে উচ্ছ্বাসে মেতে উঠেছিল শিশুরা। সীমিত আকারে হলেও ঈদের ছুটিতে এ জায়গাই হয়ে উঠেছিল ঠাকুরগাঁওবাসীর বিনোদন কেন্দ্র।
সদর উপজেলার কুমিল্লাহাড়ীর বলাকা উদ্যানে গতকাল সোমবার বিকেলে সরেজমিনে দেখা যায়, শিশুদের জন্য এখানে বসানো হয়েছে নাগরদোলা, ট্রেন, স্লিপার, দোলনা ও জাহাজসহ সাতটি রাইড। বিকেল হতেই উদ্যানে মানুষের ঢল। মা-বাবার হাত ধরে আসছে
শিশুরা। আছেন বৃদ্ধরাও। দূরদূরান্ত থেকে দল বেঁধে এসেছে কিশোর-কিশোরী। এসেছেন তরুণ-তরুণীও।
শিশুদের নাগরদোলা, ট্রেন ও জাহাজসহ বিভিন্ন রাইডে ভিড় ছিল সবচেয়ে বেশি। শিশুদের সঙ্গে রাইডে চড়ে শৈশবের স্মৃতিতে ফিরে গিয়েছিলেন অনেক বৃদ্ধ-বয়োজ্যেষ্ঠও। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে রাইডের টিকিট সংগ্রহে কারও মধ্যে দেখা যায়নি ক্লান্তি বা বিরক্তি।